সিলেটের যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট-৪ আসনের অন্তর্গত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর—এই তিনটি উপজেলায় মোট ১১টি সেতু নির্মাণ ও ৪২৩ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। বুধবার সন্ধ্যায় শ্রম ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
শ্রমমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পগুলো চূড়ান্ত করা হয়। সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য মোট বরাদ্দের মধ্যে কোম্পানীগঞ্জে ১৫০.৭৫ কোটি টাকা, গোয়াইনঘাটে ১৩৯.৫০ কোটি টাকা এবং জৈন্তাপুরে ১৩২.৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেটের জন্য এই বিশাল অঙ্কের বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি সিলেটবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া আরও কিছু কাজ বর্তমানে প্রক্রিয়ার মধ্যে রয়েছে। শ্রমমন্ত্রী উল্লেখ করেন যে, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও উপজেলা সড়ক প্রশস্ত এবং শক্তিশালী করার লক্ষ্যে জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে আরও ৫২০ কোটি টাকার বরাদ্দের কাজ চলছে। একই সাথে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তিনটি উপজেলায় ৪৯.৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে সিলেট-৪ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও ৫০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির একটি ভিডিও বার্তায় জানান, প্রধানমন্ত্রী একনেকের মাধ্যমে পুরো সিলেট বিভাগের সড়ক উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছেন। তিনি আরও জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন অংশে সুরমা নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু করার আগাম ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।




