দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকার পর ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান এবং নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে আটটায়, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বাসা থেকে বের হন। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হন এবং বেলা সাড়ে ১১টায় সেখানে অবতরণ করেন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়েছিল।

এই বিশেষ মহড়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে আর্মি টেকনিক্যাল ভেহিকেল বা সাঁজোয়া যান চালিয়ে চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এছাড়া তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং মহড়াস্থলে নিয়োজিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন। উল্লেখ্য যে, এই যৌথ মহড়ায় বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট, নৌবাহিনীর সোয়াডস এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড অংশগ্রহণ করে। বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে তিনি সরাসরি সচিবালয়ে যান এবং দাপ্তরিক কাজে নিয়োজিত হন।