প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে এক ব্যতিক্রমী জীবনধারার উদাহরণ তৈরি করেছেন ভারতের কেরালার বাসিন্দা সংগীত ও কাব্যা দম্পতি। নিজেদের সঞ্চয়ের প্রায় ৬০ শতাংশ অর্থ ব্যয় করে তারা এমন এক বাড়ি গড়ে তুলেছেন, যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে স্বনির্ভরতার এক পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই বাড়িতে খাবার, জ্বালানি, বিদ্যুৎ এমনকি প্রসাধনী—সবকিছুই তৈরি হয় নিজেদের প্রচেষ্টায়।
এই জীবনযাত্রার বীজ বপন হয়েছিল তাঁদের দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতায়। প্রায় দশ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সময় তাঁরা শিখিয়েছিলেন খুব অল্প জিনিসে কীভাবে বেঁচে থাকা যায়। সেই সময় হোটেল বা রেস্তোরাঁর পরিবর্তে গাড়িতেই রান্না করা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার অভ্যাস তাঁদের এই স্থায়ী আবাসেও ধরে রেখেছেন। চাকরির বদলে ফ্রিল্যান্সিং পেশা বেছে নেওয়ায় তাঁরা এখন পুরো সময়টি নিজেদের এই সবুজ প্রকল্পেই ব্যয় করতে পারেন।
তাদের বাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো এক চক্রাকার উৎপাদন ব্যবস্থা। বাড়ির বাগানে সব ধরনের সবজির পাশাপাশি মাছ চাষ এবং ধান ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গরু ও মুরগি পালনের মাধ্যমে দুধ ও ডিমের জোগান নিশ্চিত করা হয়েছে, যা তাঁদের বাজারের ওপর নির্ভরতা ও মাসিক খরচ কমিয়ে দিয়েছে। এমনকি বাড়ির এক কোণে ছোট পরিসরে মাশরুম চাষ করা হয়, যা থেকে প্রতি ২৫ দিন অন্তর ফসল সংগ্রহ করা হয়।
জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রেও তাঁরা সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করছেন। বাড়ির এক পাশে স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্টে রান্নাঘরের পচনশীল বর্জ্য এবং গরুর গোবর ব্যবহার করে রান্নার গ্যাস তৈরি করা হয়। এই প্রক্রিয়ার পর অবশিষ্ট জৈব পদার্থগুলো পুনরায় কৃষিকাজে সার হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে ঘরের আলো এবং সেচ ব্যবস্থার চাহিদা মেটানো হয়।
স্বনির্ভরতার এই পরিধি কেবল খাদ্য ও জ্বালানিতেই সীমাবদ্ধ নয়। নারকেল, আমলকী এবং কমলার মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তাঁরা ঘরেই কাজল, ময়েশ্চারাইজার ও ফেসওয়াশের মতো প্রসাধনী তৈরি করেন। এছাড়া বাড়ির চারপাশে বসানো মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহের পাশাপাশি ফসলের পরাগায়নেও সহায়তা পাওয়া যাচ্ছে।
পরিবেশের প্রতি তাঁদের এই দায়বদ্ধতা বাড়ির সীমানার বাইরেও বিস্তৃত। গত দেড় বছরে ভ্রমণের পথে ১০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন এই দম্পতি, যা জিপিএস ট্র্যাকের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। তাঁদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ গাছ লাগানো। মূলত বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এবং সীমিত প্রয়োজনের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন যে, প্রকৃতির সাথে মিশে জীবনযাপন করা সম্ভব এবং এটিই টেকসই ভবিষ্যতের পথ।




