সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মো. নুরুল আফছার। তিনি এই ব্যাংকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পেশাগত জীবনে তিনি বর্তমানে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োজিত আছেন।

বিগত ৩৩ বছর ধরে ব্যবসায়িক ক্ষেত্রে সক্রিয় মো. নুরুল আফছার তার দূরদর্শী নেতৃত্ব ও নিজস্ব প্রচেষ্টায় একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন এবং সেগুলো সফলভাবে পরিচালনায় বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সদস্য হিসেবেও যুক্ত।

তার ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু সম্মাননা লাভ করেছেন। বিশেষ করে যুক্তরাজ্য, নেপাল, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরে তাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সম্মাননাগুলোর মধ্যে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ এবং এশিয়া প্যাসিফিক এন্টাপ্রেনিউর অ্যাওয়ার্ডের ‘বেস্ট এন্টারপ্রেনার’ পদবিটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং বেশ কিছু স্বনামধন্য ক্লাবের সদস্য হিসেবে সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করেন।