সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। আন্তর্জাতিক মানদণ্ড ও প্রোটোকল অনুসরণ করে এই টুর্নামেন্টে জরুরি চিকিৎসাসেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

জাতীয় স্টেডিয়ামে দেশি এবং বিদেশি সকল খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাফ নির্ধারিত মেডিকেল চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে হাসপাতালটির পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এছাড়া সার্বক্ষণিক সেবার জন্য নিয়োজিত আছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন দক্ষ স্বাস্থ্যসেবা কর্মী (হেলথকেয়ার প্রফেশনাল)।

মাঠের ভেতরে বা দর্শক গ্যালারিতে কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে তা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড সরঞ্জামসহ দুটি এডি (AED), স্ট্রেচার, হুইলচেয়ার এবং প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাফ টুর্নামেন্টের এই আয়োজনে আন্তর্জাতিক প্রোটোকল মেনে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মেডিকেল প্রোটোকল বাস্তবায়নে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।