প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার এবং সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বিশেষ সংগীত সন্ধ্যা ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক প্ল্যাটফর্ম ও সংগীতদল ‘আজব কারখানা’ এই পুরো আয়োজনের দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর অমর সৃষ্টিগুলোর পাশাপাশি শিল্পীরা নিজস্ব গানও পরিবেশন করেন। চারজন শিল্পী—অনিন্দ্য বিশ্বাস, ইলা, সাহস মোস্তাফিজ এবং সভ্যতা এই কনসার্টে অংশ নেন। অনিন্দ্য বিশ্বাস তার কণ্ঠে পরিবেশন করেন ‘নষ্ট শহরে’, ‘হাতের পরশ’ এবং ‘সমুদ্র সন্তান’ গানগুলো। শিল্পী ইলার কণ্ঠে শোনা যায় ‘নেশা’, ‘গাছ’ ও ‘চোখ’ শিরোনামের গান। এছাড়া সাহস মোস্তাফিজ ‘কোন মিস্তরি নাও বানাইছে’ লোকগানের পাশাপাশি ‘ভাঁজ খোলো আনন্দ দেখাও’ এবং ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ গানটি গেয়ে শোনান। অন্যদিকে, শিল্পী সভ্যতা ‘আমি ফিরে পেতে চাই’, ‘আমি তোমাকেই বলে দেবো’ এবং ‘জোছনাবিহার’ গানগুলোর মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন।

আয়োজকদের মতে, গান, কবিতা এবং জীবনবোধের এক অসাধারণ সংমিশ্রণ তৈরি করেছিলেন সঞ্জীব চৌধুরী। বাংলা সংগীতের আঙিনায় তার রেখে যাওয়া সেই অনন্য স্বাক্ষরকে নতুনভাবে স্মরণ করতে এবং বর্তমান প্রজন্মের কাছে তার সৃষ্টিগুলোকে পৌঁছে দিতেই এই কনসার্টের পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। তার লেখা ও গাওয়া ‘কথা বলব না’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘সমুদ্র সন্তান’, ‘স্বপ্নবাজি’ এবং ‘আমি তোমাকেই বলে দেব’ গানগুলো এখনো শ্রোতাদের মনে অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে।