ছয় বছর আগে প্যারিসে এক কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে মারধরের অপরাধে তিন ফরাসি পুলিশ কর্মকর্তাকে দণ্ডিত করেছে আদালত। এই ঘটনায় বর্ণবাদকে একটি গুরুতর পরিস্থিতি হিসেবে গণ্য করে বিচারকগণ তাদের সাজা প্রদান করেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা কেবল মারধরের জন্যই নয়, বরং একটি জাল পুলিশ রিপোর্ট তৈরির অপরাধেও দোষী সাব্যস্ত হয়েছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ৪৭ বছর বয়সী সঙ্গীত প্রযোজক মিশেল জেক্লের গ্রেপ্তারের সময় পুলিশের সাথে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

তবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের মাধ্যমে পুলিশ সদস্যদের এই মিথ্যাচার ফাঁস হয়ে যায়। রেকর্ডিংয়ে দেখা যায়, জেক্লেরের রেকর্ডিং স্টুডিওতে পুলিশ সদস্যরা তাকে প্রায় ৩০ বার ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে আঘাত করেন, যদিও তিনি খুব সামান্যই প্রতিরোধ করেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত অরেলিয়ান ল্যাপারসোন (২৯), ফিলিপ টন্ডক্স (৫০) এবং পিয়েরে প্ল্যান্টিয়ার (৩৭) প্রত্যেকেই পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে সাজার কিছু অংশ স্থগিত করা হয়েছে। ল্যাপারসোন ও টন্ডক্সের সাজা যথাক্রমে তিন এবং সাড়ে তিন বছর স্থগিত করা হয়েছে। অন্যদিকে, প্ল্যান্টিয়ারের চার বছরের সাজা স্থগিত থাকলেও তাকে এক বছর অ্যাঙ্কেল মনিটরের মাধ্যমে নজরদারিতে থাকতে হবে। একইসঙ্গে তিন জনকেই পুলিশ বাহিনীতে পুনরায় যোগদানের সুযোগ থেকে চিরতরে বঞ্চিত করা হয়েছে।

এই মামলাটি পুলিশের সিস্টেমিক বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা সমালোচকদের কাছে একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবাদ সমাবেশে পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের মুখে এই রায়ের দিকে নজর ছিল সবার। দুই সপ্তাহব্যাপী চলা এই মামলায় মিশেল জেক্লেরের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দাবি করেন, মারধরের সময় পুলিশ সদস্যরা তার প্রতি বর্ণবাদী গালিগালাজ করেছিলেন। পুলিশ সদস্যরা মারধর এবং মিথ্যা রিপোর্ট তৈরির কথা স্বীকার করলেও বর্ণবাদী প্ররোচনার বিষয়টি অস্বীকার করেন। তবে আদালত জেক্লেরের সাক্ষ্যকেই নির্ভরযোগ্য মনে করে, কারণ সিসিটিভি ফুটেজে তাঁর অন্যান্য সব কথা সত্য প্রমাণিত হয়েছিল। বর্ণবাদের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত সাজা আরও কঠোর করে।

ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে কোভিড লকডাউনের সময়। পুলিশ সদস্যদের দাবি ছিল, স্টুডিওতে যাওয়ার সময় জেক্লের মাস পরিধান করেননি, যা তখন বাধ্যতামূলক ছিল। এছাড়া তারা সন্দেহ করেছিল যে তার কাছে মাদক থাকতে পারে, যদিও পরে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সদস্যরা জেক্লেরকে অনুসরণ করে তার স্টুডিওর লবিতে প্রবেশ করেন এবং তাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেন। জেক্লের বাইরে যেতে অস্বীকার করলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। জেক্লেরের আর্তনাদে বেসমেন্ট থেকে কিছু লোক এসে পুলিশদের বাইরে ঠেলে দেয়। এর পর পুলিশ সদস্যরা কাঁচের জানালা ভেঙে ভেতরে টিয়ার-গ্যাস গ্রেনেড ছুড়ে দিয়ে সবাইকে বের করে আনেন এবং পুনরায় জেক্লেরকে আঘাত করে গ্রেপ্তার করেন। শুনানির সময় জেক্লের বলেন, সিসিটিভি ফুটেজ না থাকলে তিনি আজ ভিকটিম হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে আদালতে দাঁড়াতেন। রায়ের আগে তিন পুলিশ সদস্যই তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছেন।