সাম্প্রতিক সময়ে আসামের গভীর হিন্দু-মুসলিম ও ভাষাগত দ্বন্দ্বের মাঝেও জুবিন গার্গ এমন এক শিল্পী হয়ে উঠেছিলেন, যার সংগীতের আবেদন ছিল সর্বজনীন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাস দ্বীপে ৫২ বছর বয়সে এই প্রথিতযশা শিল্পীর আকস্মিক মৃত্যু হয়, যা পুরো ভারতকে স্তব্ধ করে দিয়েছে। তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে জানান, জুবিনের গান সব স্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এবং তিনি সংগীতের মাধ্যমে মানুষের আত্মার সাথে কথা বলতেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে রাজ্যের এক প্রিয় সন্তান হিসেবে অভিহিত করে বলেন, জুবিনের কণ্ঠের অপ্রতিদ্বন্দ্বী শক্তি এবং তাঁর গানের প্রভাব আমাদের মনে গভীর রেখাপাত করেছে; তাঁর চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।

জুবিনের মৃত্যুতে আসাম সরকার চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। ২৩ সেপ্টেম্বর তাঁর মরদেহ দাহ করা হয়। এর আগে ২১ সেপ্টেম্বর গুয়াহাটি বিমানবন্দরের সামনে হাজার হাজার ভক্ত মোমবাতি ও পোস্টার নিয়ে সমবেত হন এবং তাঁর জনপ্রিয় গান গেয়ে শেষ বিদায় জানান। আসামের স্থানীয় অসমীয়াভাষী এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে প্রায় দুই শতাব্দীর যে দূরত্ব, জুবিনের মৃত্যুর পর সেই বিভাজনের মাঝে এক বিরল একতা লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ, বাঙালি মুসলিম ট্রাকচালক ইমাম হোসেনের কথা বলা যায়, যিনি রাজনৈতিক অস্থিরতা ও 'অবৈধ অনুপ্রবেশকারী' হিসেবে চিহ্নিত হওয়ার চাপের মাঝেও জুবিনের গানে মানসিক শান্তি খুঁজে পেতেন। ইমাম হোসেনের মতে, জুবিন কখনোই বাঙালি মুসলিমদের নিন্দা করেননি, ফলে মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে মুসলিম নেতা—সবার কাছেই তিনি ছিলেন প্রিয়।

১৯৭২ সালে জন্মগ্রহণকারী জুবিন গার্গ মাত্র তিন বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৯২ সালে 'অনামিকা' অ্যালবামের মাধ্যমে তাঁর পরিচিতি শুরু হলেও ২০০৬ সালে 'গ্যাংস্টার' সিনেমার 'ইয়া আলী' গানটি তাঁকে জাতীয় পর্যায়ে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তাঁর ক্যারিয়ারে ৩৮ হাজারেরও বেশি গান রয়েছে। তবে তিনি কেবল একজন গায়ক ছিলেন না, বরং নিজেকে একজন নিরপেক্ষ এবং 'সামাজিক বামপন্থী' হিসেবে পরিচয় দিতেন। ভারতের প্রচলিত জাতপাত ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর প্রভাবের তিনি ছিলেন কড়া সমালোচক। একটি ভিডিওতে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, তাঁর কোনো নির্দিষ্ট ধর্ম, জাত বা ঈশ্বর নেই, তিনি কেবল একজন মানুষ হিসেবে নিজেকে দেখেন।

জুবিনের জীবন ছিল প্রথা ভাঙার গল্প। গবেষক অংশুমান চৌধুরীর মতে, তিনি প্রচলিত সংযত আচরণের নিয়ম মানতেন না; মঞ্চে মদ্যপ অবস্থায় গান গাওয়া বা অসংযত ভাষা ব্যবহারের মতো ঘটনা তাঁর ক্যারিয়ারে ছিল। এমনকি বিহু উৎসবে গান গাওয়ার শর্ত হিসেবে তিনি হিন্দিতে গান গাওয়ার সুযোগ দাবি করতেন। এছাড়া ২০১৮ সালে অ্যাথলেট হিমা দাসকে গরুর মাংস খাওয়ার পরামর্শ দিয়ে তিনি তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন এবং ২০১৯ সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন। সমাজকর্মী পৃথ্বিরাজ বোরা ও স্বাস্থ্যকর্মী আবরার নাদিমের মতে, জুবিনের গান কেবল বিনোদনের মাধ্যম ছিল না, বরং তা ছিল ভালোবাসা, কষ্ট এবং অস্তিত্বের এক আধ্যাত্মিক বহিঃপ্রকাশ। কবি মৈত্রী পাটার মনে করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকায় জুবিন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন।