রাউজানের জলিল নগর এলাকায় সড়ক পারাপারের সময় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেপরোয়া যান চলাচল বন্ধের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

নিহতের নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলাংগাড়া গ্রামে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক বলে জানা গেছে। পেশায় তিনি একটি বেসরকারি বিমা কোম্পানির কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ইসলাম তাঁর কার্যালয় থেকে বের হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হচ্ছিলেন। ঠিক সেই সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জলিল নগর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি ছিল রাস্তায় নৈরাজ্য ও বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই সড়কে উভয় দিকের যান চলাচল বন্ধ থাকে। এতে মোড়ের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ মানুষকে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই মৃত্যু হয়েছে, সেটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে মোহাম্মদ সামির অভিযোগ করেছেন, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। তিনি চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।