রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুর সীমান্ত এলাকা থেকে আনা গানপাউডার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক আহ্বায়কসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। বুধবার বিকেলে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)।

ডিবি সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। বিশেষ করে, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের একটি অডিও ক্লিপের সূত্র ধরে অভিযান জোরদার করা হয়, যেখানে নাশকতা ও অরাজকতার পরিকল্পনা আলোচিত হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে গানপাউডার উদ্ধার করা হয়। পরবর্তীতে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে আটক করা হয়।

তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, সরকারি ও বেসরকারি স্থাপনায় আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল। মেহেরপুরের এক ছাত্রলীগ নেতার সহায়তায় সীমান্ত এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করে মামুন ঢাকায় নিয়ে আসেন। এরপর মিরপুরের এক নেতার মাধ্যমে সেগুলো ইব্রাহিম ও মেঘলার কাছে হস্তান্তরের কথা ছিল। পুরো এই ষড়যন্ত্রের সমন্বয় করা হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা।

মামুনের মোবাইল ফোন থেকে পুলিশ কিছু ভয়েস রেকর্ড এবং একটি ভিডিও উদ্ধার করেছে। ভিডিওটিতে দেখা যায়, গানপাউডারের কার্যকারিতা পরীক্ষার জন্য একটি বাথরুমে বিশেষ ব্যবস্থা করে গ্যাস লাইটার দিয়ে আগুন লাগানো হচ্ছে এবং মুহূর্তেই সেটি দাউ দাউ করে জ্বলে উঠছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ও মেঘলা তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার গানপাউডার সরবরাহ করেছেন এবং রাজধানীর কিছু বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের সাথে তারা জড়িত ছিলেন। তবে তদন্তের স্বার্থে সেই মূল নির্দেশক নেতার নাম এখনই প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে ডিবি আরও জানায়, চলতি নভেম্বরের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে ৭৯টি স্থানে। এই ঘটনায় ৭৯টি মামলা করে ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫২টি ককটেল উদ্ধার করা হয়েছে। গত মাসে ককটেল বিস্ফোরণের সংখ্যা ছিল মাত্র ১১টি, তবে চলতি মাসে দুটি লকডাউন কর্মসূচির কারণে এই নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত ১৬ দিনে ১০টি বাস পোড়ানোর ঘটনায় ১০টি মামলা করে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি নিয়ে পুলিশ তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং ব্লক রেড ও চেকপোস্টের মাধ্যমে যেকোনো ধরনের নৈরাজ্য রুখতে পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন কর্মসূচির সত্যতা যাচাই করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শফিকুল ইসলাম জানান।