মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে দফায় দফায় হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে এবং মোহাম্মদপুরের বেশ কয়েকটি স্থানে এই ধরনের হামলা চালানো হয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এবং রাত পৌনে ১০টার দিকে আসাদগেট ও তেজগাঁও উপকমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। একই সময়ে বসিলা এসআরবি-২ কার্যালয় এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা একজনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছেন। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। রাজধানীর অন্য প্রান্তে যাত্রাবাড়ী এলাকায়ও সহিংসতার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি রুবেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে হানিফ ফ্লাইওভার থেকে সামাদ সুপার মার্কেটের সামনে দুটি ককটেল ছুড়ে মারা হয়, যা পরবর্তীতে বিস্ফোরিত হয়।

এছাড়া রাতে রমনা থানা এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে রাজধানীর মহাখালী, পল্লবী ও রামপুরা এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।