দীর্ঘ প্রায় ৪০ বছর পর পর্দায় আবারও রেসকারচালক কোল ট্রিকল হিসেবে দেখা যাবে হলিউড সুপারস্টার টম ক্রুজকে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় রেসিং চলচ্চিত্র ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে তিনি তার সেই আইকনিক চরিত্রে প্রত্যাবর্তন করছেন। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এই নতুন সিনেমাটি ২০২৮ সালের ২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন এই প্রজেক্টে টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। যদিও সিনেমার কাহিনী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে জানা গেছে যে হ্যাথাওয়ে এখানে একজন রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন। পুরো গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে মোটর রেসিংয়ের রোমাঞ্চকর জগৎ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি প্রচারমূলক ছবি শেয়ার করে এই খবরটি উদযাপন করেছেন টম ক্রুজ, যেখানে তাকে এবং অ্যান হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।
টনি স্কট পরিচালিত মূল চলচ্চিত্রে কোল ট্রিকল চরিত্রটির মাধ্যমে দ্রুতগতির রেসিং এবং ব্যক্তিগত সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল। নতুন কিস্তিটি পরিচালনা করবেন জনাথন লেভিন। সিনেমাটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন খোদ টম ক্রুজ এবং সহ-প্রযোজক হিসেবে থাকছেন টমি হারপার ও জেরি ব্রুকহাইমার।
দীর্ঘদিন ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির ব্যস্ততার পর টম ক্রুজ এখন অন্যান্য বড় প্রজেক্টে মনোযোগ দিচ্ছেন। এরই মধ্যে ‘টপ গান’-এর নতুন কিস্তি নিশ্চিত হয়েছে এবং আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ‘ডিগার’ সিনেমার মাধ্যমে তিনি ড্রামাধর্মী চলচ্চিত্রে ফিরছেন। অন্যদিকে, অ্যান হ্যাথাওয়েও বর্তমানে ক্যারিয়ারের অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ মুক্তি পেয়েছে এবং বছরের শেষ নাগাদ মুক্তি পাবে ‘ভ্যারিটি’ নামের আরও একটি সিনেমা।




