ইন্দোনেশিয়ার বিনোদন অঙ্গনের এক পরিচিত মুখ আগনেজ মো এখন বিশ্বদর্শকদের নজরে এসেছেন প্রাইম ভিডিওর অ্যাকশন সিরিজ 'রিচার'-এর চতুর্থ মৌসুমের মাধ্যমে। ১২ আগস্ট থেকে সম্প্রচারিত এই সিরিজের 'লিলা হথ' চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও ইন্দোনেশিয়ায় তিনি তিন দশকেরও বেশি সময় ধরে গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত, তবে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে হলিউডের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে তাঁর উপস্থিতি নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

১৯৮৬ সালে জাকার্তায় জন্মগ্রহণকারী আগনেজ মনিকা মুলজোটো মাত্র ছয় বছর বয়স থেকেই শিশুশিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু করেন। নব্বইয়ের দশকে তিনটি অ্যালবাম প্রকাশ এবং শিশু অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেলেও ২০০১ সালে 'পেরনিকাহান দিনি' নাটকের মাধ্যমে তিনি কিশোর প্রজন্মের আইকন হয়ে ওঠেন। এরপর তিনি তাইওয়ানের বেশ কিছু প্রযোজনায় কাজ করলেও ধীরে ধীরে সংগীতের প্রতি বেশি ঝুঁকে পড়েন। ২০০৩ সালের 'অ্যান্ড দ্য স্টোরি গোজ' অ্যালবামের মাধ্যমে তিনি একজন পূর্ণাঙ্গ পপ তারকা হিসেবে নিজেকে মেলে ধরেন এবং 'ইন্দোনেশিয়ান আইডল' ও 'দ্য ভয়েস অব ইন্দোনেশিয়া'-র মতো শো-তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

'রিচার' সিরিজের চতুর্থ মৌসুমে আগনেজের চরিত্রটি বেশ জটিল। তাঁর চরিত্র লিলা হথ তার মা আমিশা হথকে (অভিনয়ে আংগুন) সাথে নিয়ে ফিলাডেলফিয়ায় আসেন। লিলা লিউকেমিয়া আক্রান্ত এবং তিনি তাঁর বাবা কংগ্রেসম্যান জন স্যাম্পসনের খোঁজ করছেন অস্থিমজ্জা প্রতিস্থাপনের আশায়। তবে গল্পের মোড় ঘোরে যখন লিলার এই ব্যক্তিগত সংকট জ্যাক রিচারের তদন্তের সাথে যুক্ত হয়। আগনেজের মতে, লিলা চরিত্রটি একমাত্রিক নয়; সে বুদ্ধিমান, দৃঢ় এবং আবেগের দিক থেকে অত্যন্ত গভীর, যা চরিত্রটিকে একজন স্বাভাবিক মানুষের রূপ দিয়েছে।

সংগীতেও আগনেজের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাজার। ২০১৩ সালে ইংরেজি অ্যালবাম প্রকাশের পর তিনি টি আই, টিম্বাল্যান্ড এবং ক্রিস ব্রাউনের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সাথে কাজ করেন। ২০১৯ সালে তিনি পান আইহার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডসের 'সোশ্যাল স্টার' স্বীকৃতি পান। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৩ কোটির বেশি।

দীর্ঘ ১৫ বছর অভিনয়ের বিরতির পর এই সিরিজে ফিরে আসা আগনেজের জন্য ছিল এক চ্যালেঞ্জ। তিনি জানান, নিজের নাম বা সংগীত ক্যারিয়ারের প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে অডিশন দিয়ে এই চরিত্রটি অর্জন করতে চেয়েছিলেন। অডিশন, কলব্যাক এবং কেমিস্ট্রি টেস্টের পর এই সুযোগ পাওয়া তাঁর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। তাঁর মতে, অভিনয় ও গান—উভয়ই গল্প বলার মাধ্যম এবং এই দুই ক্ষেত্রে 'আবেগের সততা' সবচেয়ে জরুরি।

প্রাইম ভিডিওর এই সিরিজের ব্যাপক জনপ্রিয়তা আগনেজের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন গতি আনতে পারে। ইতিমধ্যে তিনি আইএমডিবিতে ষষ্ঠ সর্বাধিক ট্রেন্ডিং তারকার তালিকায় স্থান পেয়েছেন। 'রিচার' ছাড়াও 'গ্রোভ টেলস' নামের আরেকটি আন্তর্জাতিক প্রকল্পে তিনি যুক্ত আছেন। এমনকি মার্ভেলের 'এক্স-মেন' মুভিতে 'সাইল' চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, যা ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।