তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি যেন প্রতি বছর পর্যালোচনা করা হয়, এমন সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো একটি চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয়। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের পর থেকে শ্রমিকদের মজুরি আর সমন্বয় করা হয়নি, অথচ এই সময়ের মধ্যে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ শ্রমিক পরিবারগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।

এএএফএ-র মতে, মজুরি পর্যালোচনার একটি বার্ষিক প্রক্রিয়া চালু থাকলে শ্রমিকদের জীবনযাত্রার মান ও ক্রয়ক্ষমতা ধরে রাখা সহজ হবে। এর ফলে মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে যে দীর্ঘমেয়াদী উত্তেজনা তৈরি হয়, তা কমিয়ে আনা সম্ভব হবে এবং উভয় পক্ষই আগে থেকে সমন্বয়ের বিষয়টি বুঝতে পারবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংগঠনটি তিনটি প্রধান বিষয়ের ওপর জোর দিয়েছে। প্রথমত, এই প্রক্রিয়াটি হতে হবে স্বচ্ছ, তথ্যনির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক, যেখানে ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনসহ সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুসরণ করে মজুরি এমনভাবে ঠিক করতে হবে যেন শ্রমিকরা মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি কিছু সঞ্চয় করতে পারেন, তবে এক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা করা প্রয়োজন। তৃতীয়ত, ত্রিপক্ষীয় আলোচনার স্বচ্ছতা বজায় রাখতে সরকারের সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দিয়ে এএএফএ জানিয়েছে, পণ্যের মূল্য নির্ধারণের সময় শ্রমিকের মজুরির বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। চিঠিতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ টেনে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, মজুরি নিয়ে আলোচনার সময় বা পরবর্তী পর্যায়ে অংশগ্রহণকারীদের ওপর কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের ওপর সহিংসতা এবং ইউনিয়ন নেতাদের গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিকদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ এবং যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে এই চিঠিতে।

সংগঠনটি বিশ্বাস করে, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত হলে মজুরি নির্ধারণকারী বোর্ডের ওপর আস্থা বাড়বে, যা মালিক ও শ্রমিকের মধ্যে সামাজিক সংলাপ বাড়িয়ে দেবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করবে। বর্তমানে সরকার, বিজিএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন ও পর্যালোচনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে এএএফএ। তারা আশা করে, একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠির অনুলিপি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং বিজিএমইএ, বিকেএমইএ ও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিদের পাঠানো হয়েছে।