তৈরি পোশাক খাতের বর্তমান সংকট মোকাবিলায় একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের আনা প্রস্তাবের ওপর এই সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পোশাক শিল্পের জ্বালানি সংকট, প্রশাসনিক অদক্ষতা এবং ঘুষ-চাঁদাবাজির মতো বিষয়গুলোর তীব্র সমালোচনা করা হয়।
শফিকুর রহমান সতর্ক করে বলেন, এই খাতের সংকট দীর্ঘস্থায়ী হলে তা কেবল মালিক বা শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যাংক খাতসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। উৎপাদন বন্ধ হলে মালিকরা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হবেন এবং শ্রমিকদের আয় কমে যাওয়ায় সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারি দল, বিরোধী দল, কারিগরি বিশেষজ্ঞ, শিল্প মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি। এছাড়া প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, বেসরকারি খাতের শ্রমিকদের জন্য সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকার পদক্ষেপ নিতে পারে। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধীদল একত্রে কাজ করলে মালিক-শ্রমিক সম্পর্কের আস্থা ফিরবে বলে তিনি মনে করেন।
সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান তার বক্তব্যে জানান, পোশাক শিল্পে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষের জীবনজীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে, তাই একে কেবল শ্রমিক অসন্তোষ হিসেবে দেখা ভুল। বিকেএমইএ-র এক সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে জ্বালানি সংকটের কারণে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল হয়েছে। এছাড়া ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি এবং ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ রয়েছে। গত ছয় মাসে ১৯ হাজারেরও বেশি শ্রমিক তাদের কাজ হারিয়েছেন।
নাজিবুর রহমান বলেন, সরকার যদি আগে জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক হতো, তবে বর্তমান পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। শুধুমাত্র ন্যূনতম মজুরি নির্ধারণ করে সংকটের সমাধান হবে না; কারখানায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন হবে না, আর উৎপাদন না হলে মালিকরা বেতন দিতে পারবেন না। এই সংকট কাটাতে তিনি একটি সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনসহ সাত দফা দাবি জানান। যার মধ্যে আগামী ৩০ দিনের ভেতর রপ্তানিমুখী শিল্পাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ, মূলধন সংকটে থাকা কারখানায় আর্থিক সহায়তা, শ্রমিকদের পাওনা পরিশোধ এবং চাঁদাবাজি বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে যন্ত্রাংশ উৎপাদন এবং প্রতি মাসে উৎপাদন ও কর্মসংস্থানের তথ্য সংবলিত একটি জাতীয় ড্যাশবোর্ড প্রকাশের প্রস্তাব দেন তিনি। এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য পাওয়া অতিরিক্ত তিন বছর সময়কে কাজে লাগিয়ে রপ্তানি সক্ষমতা ও নতুন বাজার তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, সরকারের মন্ত্রীরা রপ্তানি বাজার বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণসহ সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেন। আলোচনার শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, প্রস্তাবটি ছিল সাধারণ আলোচনার উদ্দেশ্যে, তাই এটি ভোটে দেওয়া হয়নি।




