সাধারণত আমরা মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান—এই বিখ্যাত উপপাদ্যটি গ্রিক গণিতবিদ পিথাগোরাসের আবিষ্কার। তবে আধুনিক তথ্য-প্রমাণ ও ঐতিহাসিক গবেষণায় দেখা যাচ্ছে, এই ধারণাটি তাঁর অনেক আগে থেকেই প্রচলিত ছিল। এমনকি ধারণা করা হয়, পিথাগোরাস নিজেই এই জ্ঞান মিসর থেকে অর্জন করেছিলেন।
প্রমাণ হিসেবে উঠে এসেছে প্রাচীন ব্যাবিলনের কিছু মাটির ট্যাবলেটের কথা। খ্রিস্টপূর্ব ১৭৭০ অব্দের 'আইএম ৬৭১১৮' নামক একটি ট্যাবলেটে দেখা যায়, চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য বের করতে এই উপপাদ্য ব্যবহার করা হয়েছিল। এছাড়া খ্রিস্টপূর্ব ১৮ থেকে ১৬ শতকের আরও একটি ট্যাবলেটে বর্গের ভেতরে ত্রিভুজের মাধ্যমে এই গাণিতিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যাবিলনীয়রা ৬০ ভিত্তিক গণনা পদ্ধতিতে এই নিয়মটি জানত, যা পিথাগোরাসের জন্মের প্রায় এক হাজার বছর আগের ঘটনা।
মার্কিন গণিতবিদ ব্রুস র্যাটনার তার একটি গবেষণাপত্রে স্প্রিঙ্গার জার্নালে উল্লেখ করেছেন যে, ব্যাবিলনীয়রা বর্গের বাহু ও কর্ণের সম্পর্ক (d = √2) জানত, যা সম্ভবত ইতিহাসের প্রথম অমূলদ সংখ্যা। এর অর্থ হলো, তারা পিথাগোরাসের উপপাদ্যের বিশেষ প্রয়োগ সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল। শুধু ব্যাবিলন নয়, মধ্য মিসরীয় সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব ১৮ শতকের এক প্যাপিরাসেও 'পিথাগোরিয়ান ট্রিপল' বা ত্রয়ী (যেমন ৬, ৮, ১০) এর প্রমাণ পাওয়া যায়। এমনকি প্রাচীন ভারতের বুদ্ধায়ন শুল্বসূত্রেও (খ্রিস্টপূর্ব ৮ থেকে ৫ শতক) সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই উপপাদ্যের ব্যবহার উল্লেখ করা হয়েছে।
তাহলে এই উপপাদ্যটি পিথাগোরাসের নামেই কেন বিখ্যাত হলো? এর পেছনে রয়েছে একটি বিশেষ ঐতিহাসিক কারণ। পিথাগোরাসের নিজস্ব কোনো লিখিত দলিল ইতিহাসে নেই। তিনি দক্ষিণ ইতালিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তাঁর শিক্ষার্থীদের 'পিথাগোরিয়ান' বলা হতো। সেই সময় জ্ঞান হস্তান্তরের মাধ্যম ছিল মৌখিক আলোচনা, লিখিত নথি ছিল বিরল। তাঁর বিদ্যালয়ে এই উপপাদ্যটি শেখানো হতো এবং শিক্ষার্থীদের বিভিন্ন গাণিতিক আবিষ্কারও পরবর্তীতে তাঁর নামেই পরিচিতি পায়। মূলত তাঁর বিদ্যালয়ের মাধ্যমেই এই প্রাচীন গাণিতিক জ্ঞানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সময়ের সাথে সাথে তা পিথাগোরাসের নিজস্ব আবিষ্কার হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়।




