প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিকে তৈরি পোশাক, পাটজাত পণ্য রপ্তানি এবং দক্ষ জনশক্তি প্রেরণের একটি নতুন সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করছে ঢাকা। একই সঙ্গে কৃষি, মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ফিজির অনাবাসিক হাই কমিশনার জগন্নাথ সামির এক বিশেষ বৈঠকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচিত হয়, যা বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বৈঠকে জগন্নাথ সামি উল্লেখ করেন যে, ফিজির মোট জনসংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার হলেও প্রতিবছর সেখানে ১০ লাখেরও বেশি পর্যটক ভিজিট করেন। এই বিশাল পর্যটন ও হোটেল খাতের প্রয়োজনীয় খাদ্যপণ্যের প্রায় অর্ধেকই দেশটিকে আমদানি করতে হয়। ফলে ফলমূল, শাকসবজি উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ধরণের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, ফিজিতে বিনিয়োগ করলে পরোক্ষভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে দেশটির সরকার কর অবকাশের মতো বিশেষ সুবিধাও প্রদান করছে।

পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির জন্য ফিজিতে দারুণ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জনশক্তির ঘাটতির কথা উল্লেখ করে তিনি জানান, ফিজির অনেক দক্ষ কর্মী অধিক বেতনের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় সেখানে দক্ষ ও আধদক্ষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে। এই শূন্যতা পূরণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর বা লেবার মোবিলিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে ফিজির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে।

দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চেম্বার অব কমার্সগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠকের প্রস্তাব দেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। উক্ত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।