পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারা, ঐতিহ্য, সামাজিক পরিবর্তন এবং প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কাহিনীগুলোকে মোবাইল ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা। গত ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণদের তৈরি ভিডিও গল্পগুলো প্রদর্শন করা হয় এবং তাঁদের অভিজ্ঞতার কথা আলোচনা করা হয়।
ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণটি পরিচালিত হয়। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকে মোট ৪৫ জন তরুণ এই প্রক্রিয়ায় অংশ নেন। কর্মশালার চূড়ান্ত দিনে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা তাঁদের সংগৃহীত ফুটেজ, ছবি এবং সাক্ষাৎকার সম্পাদনার কাজ শেষ করেন। বিশেষ করে ভিডিওর গল্পের ধারাবাহিকতা বজায় রাখা, সঠিক দৃশ্য নির্বাচন, শব্দের মান উন্নয়ন এবং যথাযথ ক্যাপশন ও শিরোনাম দেওয়ার মতো কারিগরি দিকগুলোতে বিশেষ নজর দেওয়া হয়। এরপর প্রদর্শনীতে তাঁরা নিজেদের কাজ উপস্থাপন করেন এবং সহকর্মী ও প্রশিক্ষকদের কাছ থেকে গঠনমূলক মতামত গ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুটা হয়েছিল ১৫ নভেম্বর থেকে। প্রথম দিনে তাঁদের শেখানো হয় স্টোরিবোর্ড তৈরি, মানবকেন্দ্রিক গল্পের নির্বাচন, গল্প বলার কৌশল এবং মোবাইল ভিডিওগ্রাফি ও সম্পাদনার প্রাথমিক নিয়মাবলি। দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ নভেম্বর অংশগ্রহণকারীরা রাঙামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয় মানুষের সাক্ষাৎকার নেওয়া এবং বাস্তবচিত্র ধারণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য ও গল্প সংগ্রহ করেন। তাঁদের গল্পের মূল উপজীব্য ছিল পরিবেশ, সংস্কৃতি, তরুণ প্রজন্মের স্বপ্ন, নারীর ক্ষমতায়ন, জীবিকা, জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা। পুরো প্রক্রিয়ায় মানুষের মর্যাদা রক্ষা, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং অবহিত সম্মতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই কর্মশালায় রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইইউ-র সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান, প্রভাষক মো. তানভীর রহমান এবং প্রভাষক মেহেরুন নাহার। এছাড়া বিভাগের অন্যান্য সদস্যরাও ভিডিও নির্মাণে শিক্ষার্থীদের সহায়তা করেন।
সমাপনী অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট শরিফুল হাসান উল্লেখ করেন যে, জীবনযাত্রার আধুনিকায়নের ফলে কমিউনিটির মানুষের জীবনে পরিবর্তন আসলেও নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের রেজিলিয়েন্ট লাইভলিহুডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া বলেন, তরুণরা হলেন সমাজের প্রকৃত কণ্ঠস্বর। এই উদ্যোগটি তাঁদের জন্য নতুন পথ খুলে দেবে এবং তাঁদের তৈরি কাজগুলো স্থানীয় কমিউনিটির ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত ইআরআরডি-সিএইচটি প্রকল্প পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সুশাসন, সামাজিক সম্প্রীতি, জীববৈচিত্র্য সংরক্ষণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।




