পবিত্র কোরআনের ভেতরে সরাসরি 'বাইবেল' শব্দটি খুঁজে পাওয়া যায় না। এর কারণ হলো 'বাইবেল' শব্দটি মূলত গ্রিক শব্দ 'বিবলিয়া' থেকে উদ্ভূত, যার অর্থ হলো বইয়ের সংকলন বা বিভিন্ন গ্রন্থের সমষ্টি। তবে বাইবেলের যে দুটি মূল ভিত্তি—পুরাতন নিয়ম (ওল্ড টেস্টামেন্ট) এবং নতুন নিয়ম (নিউ টেস্টামেন্ট)—সেগুলোর মূল উৎস হিসেবে যেসব আসমানি কিতাবের কথা বলা হয়েছে, কোরআনে সেগুলোকে অত্যন্ত সম্মান ও গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে। ইসলামি পরিভাষায় এই কিতাবগুলো হলো তাওরাত, জাবুর এবং ইনজিল। একজন মুসলিমের পূর্ণাঙ্গ ঈমানের জন্য কোরআনের পাশাপাশি এই পূর্ববর্তী সকল আসমানি কিতাবের মূল ও অবিকৃত রূপের প্রতি বিশ্বাস রাখা অপরিহার্য।
কোরআনে আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলকে মানুষের জন্য আলো এবং পথনির্দেশক বা 'হেদায়াত ও নূর' হিসেবে অভিহিত করেছেন। সুরা মায়িদাহ-র ৪৪ নম্বর আয়াতে তাওরাত নাজিলের কথা উল্লেখ করে একে হেদায়াত ও আলো বলা হয়েছে। একইভাবে, সুরা মায়িদাহ-র ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে, মারইয়াম-তনয় ঈসা (আ.)-কে তাওরাতের সত্যায়নকারী হিসেবে পাঠানো হয়েছিল এবং তাঁকে ইনজিল প্রদান করা হয়েছিল, যাতে হেদায়াত ও আলো বিদ্যমান। এমনকি সুরা বাকারার ৪ নম্বর আয়াতে সেই সব মুমিনদের প্রশংসা করা হয়েছে, যারা কোরআনের পাশাপাশি পূর্ববর্তী নাজিলকৃত কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করেছেন।
তবে পবিত্র কোরআনে একটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে—তা হলো পূর্ববর্তী কিতাবগুলোর বিকৃতি। যদিও তাওরাত ও ইনজিল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে কিছু ধর্মযাজক ও পণ্ডিত নিজেদের ব্যক্তিগত স্বার্থে সেই বাণীগুলোতে পরিবর্তন, সংযোজন অথবা বিয়োজন ঘটিয়েছেন। ইসলামি পরিভাষায় এই প্রক্রিয়াকে 'তাহরিফ' বলা হয়। সুরা বাকারার ৭৯ নম্বর আয়াতে সেই সব ব্যক্তিদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে, যারা নিজেদের হাতে কিতাব লিখে তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বলে দাবি করে। এছাড়া সুরা মায়িদাহ-র ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে, তারা আল্লাহর কালামকে তার প্রকৃত স্থান থেকে সরিয়ে দিয়েছে। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির তাঁর 'তাফসিরুল কুরআনিল আজিম'-এ উল্লেখ করেছেন যে, আহলে কিতাবদের একটি গোষ্ঠী মূল অর্থের বিকৃতি ঘটিয়েছে এবং এমন কিছু বিষয় যুক্ত করেছে যা আল্লাহ নাজিল করেননি, ফলে প্রকৃত ওহি আর মানুষের রচনার পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।
একটি বিশেষ দাবি কোরআনে করা হয়েছে যে, এই ব্যাপক বিকৃতির মাঝেও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের সংবাদ তাওরাত ও ইনজিলে সংরক্ষিত ছিল। সুরা আরাফ-এর ১৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনরা সেই নিরক্ষর নবীর অনুসরণ করে যার উল্লেখ তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে পেয়ে থাকে। পাশাপাশি সুরা সাফের ৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, ঈসা (আ.) বনি ইসরাইলকে তাঁর পরবর্তী রাসুল 'আহমাদ'-এর আগমনের সুসংবাদ দিয়েছিলেন।
পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা যাচাই ও সুরক্ষার জন্য কোরআনকে 'মুহাইমিন' বা তত্ত্বাবধায়ক হিসেবে নাজিল করা হয়েছে, যা সুরা মায়িদাহ-র ৪৮ নম্বর আয়াতে স্পষ্ট করা হয়েছে। এর অর্থ হলো, বর্তমান প্রচলিত বাইবেলের যে অংশগুলো কোরআনের মূলনীতির সাথে সংগতিপূর্ণ, সেগুলো আল্লাহর ওহি হিসেবে সত্য বলে গণ্য হবে। তবে যেসব বিষয় তাওহিদ বা স্রষ্টার একত্ববাদের পরিপন্থী অথবা নবীদের চরিত্রে কলঙ্ক আরোপ করে, সেগুলোকে মানুষের সংযোজন হিসেবে প্রত্যাখ্যান করা হবে। মানবীয় হস্তক্ষেপের কারণে বিশুদ্ধতা নষ্ট হয়ে যাওয়ায় আল্লাহ তাআলা চূড়ান্ত ও অপরিবর্তনীয় নির্দেশিকা হিসেবে পবিত্র কোরআন পাঠিয়েছেন।
প্রচলিত বাইবেল পাঠ বা 'ইসরাইলিয়াত' বর্ণনার বিষয়ে রাসুল (সা.) উম্মতকে একটি ভারসাম্যপূর্ণ পথ দেখিয়েছেন। সহিহ বুখারির এক হাদিসে উল্লেখ আছে যে, আহলে কিতাবরা যখন তাওরাত পাঠ করে শোনাত, তখন মহানবী (সা.) নির্দেশ দিয়েছিলেন যেন তাদের কথাকে সরাসরি সত্য বা মিথ্যা বলে অস্বীকার না করা হয়। বরং এটি বলা উচিত যে, আমরা আল্লাহর প্রতি এবং আমাদের ও আপনাদের প্রতি নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান এনেছি। পরিশেষে বলা যায়, মূল তাওরাত, জাবুর ও ইনজিল ছিল পবিত্র ওহি, কিন্তু কালক্রমে বিকৃতির কারণে পবিত্র কোরআন চূড়ান্ত এবং শাশ্বত সত্য হিসেবে অবতীর্ণ হয়েছে।




