দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দ্বিতীয় পদ্মা সেতু, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মূলত ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক এই অনুষ্ঠানে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা অংশ নেন।
মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে এসব জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কিছু কাজ সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে, কিছু প্রস্তুতি চলছে এবং কিছু প্রকল্পের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ বর্তমানে চলমান। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য তিনটি ভিন্ন বিকল্প নকশা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটি অংশ উড়াল এবং বাকি অংশ মাটিতে নির্মাণের পরিকল্পনাটি সবচেয়ে ব্যয়সাশ্রয়ী মনে করা হচ্ছে। এই প্রস্তাবটি প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামী এক বছরের মধ্যেই কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রায় ৮৩ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন বা বিকল্প রেলপথটি সম্পূর্ণ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে জমি অধিগ্রহণের ঝামেলা কমবে এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। একই অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যেন খণ্ডিত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন না লিখে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা হয়। তিনি বলেন, সরকারের ভুলত্রুটিগুলো অবশ্যই প্রকাশ করা উচিত, তবে প্রতিষ্ঠানের গঠনমূলক উন্নয়ন ও সংশোধনেও সাংবাদিকদের ভূমিকা থাকা প্রয়োজন।
সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা কেবল সরকারি উন্নয়নের প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান বাড়ানোই এর মূল লক্ষ্য। তিনি অপতথ্য প্রচার থেকে বিরত থাকার তাগিদ দেন।
দিনব্যাপী এই কর্মশালায় মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি ক্রয় আইন, সমন্বিত পরিবহন ব্যবস্থা, যোগাযোগ খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে মডিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিটিসিএ-র নির্বাহী পরিচালক সৈয়দ মইনুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন রেলপথ, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবগণসহ রেলওয়ের মহাপরিচালক এবং সওজ ও বিআইডব্লিউটিএ-র উচ্চপদস্থ কর্মকর্তারা। বুয়েটের অধ্যাপক মো. আসিফ রায়হান দেশের যোগাযোগ অবকাঠামো নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন।




