নেত্রকোণা সদর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশি অভিযানে মোট ৫০ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪০ কেজি ৩২০ গ্রাম। উদ্ধার করা এই মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি আট হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা শাখার (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাংশু কুমার দে বৃহস্পতিবার রাতে জানান, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নিজামপুর গ্রামের ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের সৈয়দ মিয়া (৩০) এবং তেলিগাতী বড়গারা গ্রামের মাজেদুল হক (৩৫)।
জেলা পুলিশ মিডিয়া সেলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজনদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ ট্যাবলেট জব্দ করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। এরপর অভিযুক্ত চার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।




