নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় আঘাত হানা প্রবল দুর্যোগের হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। নির্ধারিত সময়সূচী অনুযায়ী ২৭ আগস্ট ওই এলাকায় থাকার কথা থাকলেও, তার আগেই সেখান থেকে সরে যাওয়ায় বড় ধরনের বিপদ এড়িয়ে গেছেন তিনি। বর্তমানে মানসী নিরাপদভাবে চীনে অবস্থান করছেন। সদগুরু কৈলাস মানস সরোবর যাত্রার অংশ হিসেবে তিনি ওই অঞ্চলে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের বন্যায় ক্ষয়ক্ষতির করুণ ছবি ও ভিডিও প্রকাশ করে মানসী নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একটি ভিডিওর ক্যাপশনে তিনি বিস্ময় ও দুঃখ প্রকাশ করে লিখেছেন যে, পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার তার ওই নির্দিষ্ট স্থানে থাকার কথা ছিল এবং মাত্র কয়েকদিন আগেই তিনি সেখানে গিয়েছিলেন। স্থানীয়দের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করে তিনি আক্ষেপ করে বলেন, এখন পুরো রাজ্যটিই পানির নিচে তলিয়ে গেছে।
জীবনের অনিশ্চয়তা নিয়ে পৃথক একটি পোস্টে অভিনেত্রী মানসী লিখেছেন, জীবন অত্যন্ত অনিশ্চিত এবং বর্তমান পরিস্থিতি তার মনকে বারবার ভেঙে দিচ্ছে। একইসঙ্গে তিনি নেপালে আটকে পড়া এবং এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া সাধারণ মানুষের জন্য সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন। মানসী জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় তিনি ও তাঁর সঙ্গীগণ চীনে সুরক্ষিত আছেন। পাশাপাশি, আটকে পড়া মানুষদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইশা ফাউন্ডেশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
তবে এই প্রাকৃতিক দুর্যোগে মানসীর মতো সবাই ভাগ্যবান প্রমাণিত হননি। নেপালে অবস্থানকালে বেশ কয়েকজন ভারতীয় তারকা এই বিপর্যয়ে আটকা পড়েছেন, যাদের মধ্যে অভিনেতা খরাজ মুখার্জির নাম বিশেষভাবে সামনে এসেছে। এছাড়া বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে থাকাকালীন এই দুর্যোগের কবলে পড়েছেন বলে জানা গেছে।




