পুরান ঢাকার নয়াবাজারে এক বিশেষ অভিযানে 'ডাবল এ' ব্র্যান্ডের নামে তৈরি ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহযোগিতায় এই অভিযানটি পরিচালিত হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে দুটি নির্দিষ্ট দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে কাগজগুলোর গায়ে 'মেইড ইন থাইল্যান্ড' লেখা এবং 'ডাবল এ' ব্র্যান্ডের নাম ব্যবহার করা হয়েছে। প্রথম দোকান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় দোকান থেকে ২৬০ রিম কাগজ উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, জব্দ করা কাগজগুলো মূলত বাংলাদেশে তৈরি করা হয়েছে, তবে ক্রেতাদের বিভ্রান্ত করতে এবং অধিক মুনাফার আশায় সেগুলোকে বিদেশি ব্র্যান্ডের বলে চালিয়ে বাজারজাত করা হচ্ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ধারণা করছে, এই ধরনের জাল কাগজ উৎপাদন এবং বিক্রির সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। অপরাধী চক্রটিকে পুরোপুরি নির্মূল করতে এবং সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করতে আরও ধারাবাহিক অভিযান চালানোর পরিকল্পনা জানিয়েছে সিআইআইডি।