খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে এক বর্ণিল সাংস্কৃতিক মিলনমেলা। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী লোকনৃত্য 'ড্রাগন ডান্স' ও 'লায়ন ডান্স', যা পরিবেশন করেন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে এই বিশেষ পরিবেশনাটি সাজানো হয়। গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোররা করতালি দিয়ে এই বিদেশি পরিবেশনাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং প্রধানমন্ত্রী নিজেও হাততালি দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
চীনা শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্ষুদে প্রশিক্ষণারীরাও তাদের প্রতিভা প্রদর্শন করেন। তারা বিভিন্ন আঞ্চলিক লোকনৃত্য, গীতিনৃত্য এবং ঐতিহ্যবাহী সংগীতে মনোমুগ্ধকর পরিবেশনা পেশ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামিল জানান, এই সাংস্কৃতিক উপস্থাপনা বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সহযোগিতার একটি অনন্য দৃষ্টান্ত।
উল্লেখ্য যে, বিকেএসপি এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে একটি কার্যকর ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি চালু রয়েছে। এই অংশীদারিত্বের আওতায় দুই দেশের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে বিশেষ দক্ষতা অর্জন করছেন। বিকেএসপির প্রশিক্ষকরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করেন। বিপরীতে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের প্রাচীন মার্শাল আর্ট 'উশু'র প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া টেবিল টেনিস, সাঁতার, ডাইভিং, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিকসের মতো বিভিন্ন ক্ষেত্রেও চীনা প্রশিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদরা।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এই অনুষ্ঠানে ক্রীড়া মেধার মূল্যায়নও করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪০ জন মেধাবী ক্ষুদে ক্রীড়াবিদকে বিকেএসপিতে ভর্তির সুযোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে 'অফার লেটার' তুলে দেন।




