রাজধানীর আলোকিতে শুরু হয়েছে ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’, যেখানে নারীর সৃজনশীলতা, পরিচয় এবং ক্ষমতায়নের গল্পগুলো ফুটে উঠছে বিভিন্ন শিল্পকর্ম ও আলোচনার মাধ্যমে। সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল ও ওয়াও বাংলাদেশের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ বা ওয়াও বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে এই উৎসবের লক্ষ্য হলো শিল্প ও সংস্কৃতির আঙিনায় নারীর অভিজ্ঞতা ও জীবনকে সবার সামনে উপস্থাপন করা।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী আয়োজনটি রাত ১০টা পর্যন্ত চলবে, যার মূল সাংস্কৃতিক পর্বগুলো শুরু হয় বিকেল থেকে। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা এই উৎসবে অংশ নিতে পারছেন। উৎসবের শুরুতে ফিতা কাটার পর শুরু হয় দুই নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা। ভেন্যুর গ্লাস হাউস এবং দোতলার অংশে দেশীয় নানা উদ্যোক্তার সৃজনশীল পণ্যের স্টল সাজানো হয়েছে। এখানে যেমন পাওয়া যাচ্ছে গাজীপুরের সরল বাড়ি থেকে আসা টাটকা সবজি, তেমনই ইকিগাই-এর কাঠের ফার্নিচার ও হোম ডেকর। এছাড়া হল্লার রিকশা-থিম ব্যাগ, ফুটলুসের জুতা, তাঁত বোনা জামদানি এবং নকশা মিস্ত্রির কাঁথা স্টিচ শার্ট ও ফতুয়া দর্শকদের নজর কেড়েছে। শিশুদের জন্য বিশেষ স্টোর, ঢাকা ইয়াহ-এর স্টেশনারি, অংকন-এর রেজিন ও বিডস গয়না এবং ওভেন ওয়াইল্ড-এর চামড়ার ব্যাগের মতো বৈচিত্র্যময় পণ্যের সমাহার রয়েছে এখানে। গয়না প্রেমীদের জন্য আইচা-র পরিবেশবান্ধব নারিকেল মালা এবং অর্ঘ্য-র হাতে তৈরি ফেব্রিক ও পাটজাত গয়নার সংগ্রহ বিশেষ আকর্ষণ। এছাড়া দেশীয় ব্র্যান্ড সুরঞ্জনা তাদের নতুন পূজা ও ট্রাভেল কালেকশনের শাড়ি ও টপস নিয়ে হাজির হয়েছে।

কেনাকাটার পাশাপাশি এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সেশন। চারটি দলগত নৃত্যনাট্যের মাধ্যমে লৈঙ্গিক ধারণা, ক্ষমতার কাঠামো, প্রতিকূলতা জয় এবং জনজীবনে নারীর অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটিয়ে তোলা হচ্ছে। এই আয়োজনের লক্ষ্য ব্যাখ্যা করে সাধনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নৃত্যশিল্পী লুবনা মারিয়াম বলেন, নাচকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে একে সমাজ ও মানুষের কথা বলার শক্তিশালী ভাষা হিসেবে ব্যবহার করতে চান তিনি। একজন সাহিত্যিক বা চিত্রশিল্পীর মতো নৃত্যশিল্পীরাও নাচের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সক্ষম, এই বিশ্বাস থেকেই এমন পরিবেশনার পরিকল্পনা করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আরও রয়েছে ‘ফ্রম স্কোর টু স্টেজ’ নামক আলোকচিত্র প্রদর্শনী, যেখানে আয়োজনের নেপথ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে সরাসরি শিল্পকর্ম তৈরির সুযোগ এবং অংশগ্রহণমূলক আর্ট ইনস্টলেশন। সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সংগীতশিল্পী শায়ানের সরাসরি গান এবং রোমাঞ্চকর ফায়ার শো। সব মিলিয়ে দেশীয় উদ্যোক্তার পসরা, শিল্পচর্চা এবং সংগীত-নৃত্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে আলোকির এই আয়োজন।