আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘মিস ইন্টারন্যাশনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। আনুষ্ঠানিকভাবে ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ হিসেবে নির্বাচিত হয়ে তিনি আগামী ২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৪তম বিউটি প্যাজেন্টে অংশ নেবেন। বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে প্রমার এই যাত্রা শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। টোকিওর কানাদেভিয়া হলে (সাবেক টোকিও ডোম সিটি হল) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
দেশের ফ্যাশন জগতে প্রমা ইতোমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ফটো ক্যাম্পেইন এবং গুরুত্বপূর্ণ ফ্যাশন শো-তে র্যাম্পে হাঁটার অভিজ্ঞতায় তিনি মডেলিং অঙ্গনে পরিচিতি পেয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই অংশগ্রহণ ক্যারিয়ারের এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২৪ সালে ভিয়েতনামের হো চি মিন সিটিতে ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি, যা এবারের প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। তবে প্রমার এই লক্ষ্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।
সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রমার বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁর পরিবেশবিষয়ক অ্যাডভোকেসি উদ্যোগ ‘ব্লু গার্ড বিডি’ এই যাত্রায় বিশেষ ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশ রক্ষা করা এবং স্থানীয় জনগণকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। জাতিসংঘের সাতটি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ব্লু গার্ড বিডি’র কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মধ্যে মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, সুপেয় পানি ও স্যানিটেশন, টেকসই নগর ও জনপদ, দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, জলজ জীবন সংরক্ষণ এবং অংশীদারিত্ব উল্লেখযোগ্য। এই প্রচেষ্টায় ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর সহযোগিতায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রমার এই আন্তর্জাতিক প্রস্তুতি তদারকি করছেন অভিজ্ঞ ব্যক্তিত্ব আজরা মাহমুদ। তিনি ২০২৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল লাইসেন্সধারী এবং র্যাম্প ডিরেক্টর, অভিনেত্রী ও গ্রুমিং কোচ হিসেবে দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তাঁর অধীনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ মোট পাঁচটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার লাইসেন্স রয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাঁর ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি)-এর মাধ্যমে তিনি নতুন প্রতিভাদের ব্যক্তিত্ব বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রমার নির্বাচন প্রসঙ্গে আজরা মাহমুদ জানান, প্রমা লক্ষ্যসচেতন এবং আত্মবিশ্বাসী একজন তরুণী, যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন প্রজন্মের যোগ্য প্রতিনিধিত্ব করবেন এবং তাঁর সাবলীল উপস্থিতি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।




