জার্মান ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের একটি সংসদীয় প্রতিনিধি দল মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেছেন। গত শুক্রবার মেঘনা গ্রুপের তত্ত্বাবধানে এই সফর অনুষ্ঠিত হয়। সফর চলাকালীন প্রতিনিধি দলটি এমআইইজেড-এর অভ্যন্তরে অবস্থিত জার্মান মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান— সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এবং সিএইচটি বাংলাদেশ লিমিটেড ঘুরে দেখেন। শনিবার গ্রুপটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সফর শেষে প্রতিনিধি দলের সদস্য নিকলাস কাপে বলেন, এমআইইজেড-এ জার্মান প্রযুক্তি এবং শিল্পের যে শক্তিশালী অবস্থান দেখা গেছে, তা তাকে আনন্দিত করেছে। তিনি মনে করেন, এই ধরনের পরিদর্শনের মাধ্যমে জার্মানি ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী এবং গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব আরও একবার প্রমাণিত হলো। আগামী দিনগুলোতে এই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জার্মানি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগী হিসেবে কাজ করে আসছে। বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং জ্বালানি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের কয়েক দশকের পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে। তিনি এমআইইজেড-কে একটি অত্যাধুনিক বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে বর্ণনা করেন, যেখানে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নির্ভরযোগ্য নিরাপত্তা এবং গ্যাস, পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জার্মান বিনিয়োগকারীদের এই জোনে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।
এই জার্মান প্রতিনিধি দলে নিকলাস কাপের পাশাপাশি উপস্থিত ছিলেন উরসুলা শাওস, ইয়োহান সাটহফ, গেরল্ড অটেন এবং আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট।




