দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কো ক্যুং পিয়ো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একটি দুর্ঘটনা ঘটানোর ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে সিউলের মাপো জেলার দংগিও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার গাড়িটি মাপো জেলা কার্যালয়ের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের ব্যবহৃত একটি ট্রাকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে ষাটের কোঠার এক ট্রাক চালক সামান্য আহত হন এবং ট্রাকটির কিছু ক্ষতি হয়।

দুর্ঘটনার পর পুলিশি তদন্তে অভিনেতার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.০৮ শতাংশের বেশি পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, এই মাত্রার বেশি অ্যালকোহল রক্তে থাকলে সরাসরি ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায়, এবং সেই নিয়ম অনুযায়ী কো ক্যুং পিয়োর লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তবে রক্তে অ্যালকোহলের সঠিক পরিমাণটি প্রকাশ করা হয়নি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেতা নিজের ভুল স্বীকার করে লিখেছেন, যারা ভোরে কাজ করার সময় তাঁর কর্মকাণ্ডের কারণে বিপদে পড়েছেন বা আতঙ্কিত হয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। তিনি স্পষ্টভাবে জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো তাঁর একটি গুরুতর ভুল ছিল। এর পাশাপাশি তিনি পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন এবং তাঁর পূর্বনির্ধারিত সব কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।

তবে দুর্ঘটনার পরবর্তী আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তা আসার সময় তিনি দ্রুত একটি জিনিস কোটের পকেটে লুকিয়ে ফেলছেন। এই রহস্যের জবাবে অভিনেতা জানান, সেটি ছিল কেবল তাঁর গাড়ির চাবি। এছাড়া ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি না থামিয়ে কিছুটা দূরে গিয়ে থামার কারণ হিসেবে তিনি জানান, তৎক্ষণাৎ গাড়ি থামানোর মতো পর্যাপ্ত জায়গা তিনি খুঁজে পাননি।

এই ঘটনার প্রভাব পড়েছে তাঁর পেশাগত জীবনেও। টিভিএন-এর ‘সিক্সথ সেন্স: বি সাইড’ অনুষ্ঠানের বাকি পর্বগুলো থেকে তাঁর উপস্থিতি যতটা সম্ভব কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ। এমনকি ২২ নভেম্বর প্রচারিত হতে যাওয়া মৌসুমের শেষ পর্বে তাঁর দৃশ্যগুলো সংকুচিত করা হবে। এছাড়া ২৯ নভেম্বর প্রচারের কথা থাকা ‘বোগুম ম্যাজিক্যাল ২’ অনুষ্ঠানের প্রমোশনাল ভিডিও থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া টিভিই-র ‘দ্য গ্রেট এসকেপ: আরবান লেজেন্ডস’ অনুষ্ঠানেও নতুন করে সম্পাদনা করে তাঁর উপস্থিতি কমানোর কাজ চলছে। যদিও প্রযোজনা দল জানিয়েছে, এটি একটি দলগত অনুষ্ঠান হওয়ায় তাঁকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব নয়।