মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাকদী এলাকায় অবস্থিত সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘সার্বিক ফিলিং স্টেশনে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একদল লোক আকস্মিকভাবে ওই ফিলিং স্টেশনে আক্রমণ করে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে স্টেশনের জানালার কাঁচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে বলে জানা গেছে।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছে। তবে এই অর্তকিত হামলার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। একই সঙ্গে, কারা এই ভাঙচুরের ঘটনার পেছনে জড়িত ছিল, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে ওসি আবুল কালাম আজাদ উল্লেখ করেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।