বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইনে এখন নানা প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কোচিং সেন্টারে যাওয়ার সময় বা সামর্থ্য না থাকলেও ঘরে বসেই এসব মাধ্যমের সাহায্যে জোরদার প্রস্তুতি নেওয়া যায়। এআই-নির্ভর অ্যাপ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল—সবই এখন শিক্ষার্থীদের হাতের নাগালে পৌঁছে গেছে।
প্রথমে স্মার্ট সহায় নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপের কথা বলা যায়। মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ার সুযোগ আছে এতে। প্ল্যাটফর্মটিতে পাঁচ লাখের বেশি প্রশ্নব্যাংক, ফ্ল্যাশকার্ড ও মডেল টেস্টের সুবিধা রাখা হয়েছে। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং চার-এর বেশি এবং রিভিউ রয়েছে প্রায় সাত হাজার। পাঁচ লাখের বেশি বার এটি ডাউনলোড হয়েছে। এতে অনলাইন টেস্ট, দ্রুত এমসিকিউ অনুশীলন ও এআই সাপোর্টও পাওয়া যায়।
অন্যদিকে চর্চা নামের প্ল্যাটফর্মটিও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। চর্চা টেক লিমিটেডের এই অ্যাপটিতে অনলাইন টেস্ট ও কুইক এমসিকিউ প্র্যাকটিসের পাশাপাশি এআই সাপোর্ট রয়েছে। বিশ লাখের বেশি শিক্ষার্থী এটি ব্যবহার করেন। দশ লাখের বেশি প্রশ্ন এখানে আছে। গুগল প্লে স্টোরে এর রেটিং ৪ দশমিক ৪; ৪১ হাজারের বেশি রিভিউ রয়েছে এবং ডাউনলোড সংখ্যাও পাঁচ লাখ ছাড়িয়েছে। বিগত বছরের বিভিন্ন প্রশ্নের প্রশ্নব্যাংক ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট দেওয়ার সুযোগও আছে এখানে।
ইউটিউবের মাধ্যমেও ভর্তি প্রস্তুতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে বেশ কয়েকটি চ্যানেল। ‘সোহায়ক বাই নোমান স্যার’ নামের চ্যানেলটি পরিচালনা করেন আবদুল্লাহ আল নোমান। সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এক লাখ ৭৭ হাজার এবং ভিডিও রয়েছে ৩৫৫টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে এই চ্যানেল সহায়ক হতে পারে। সহজ ভাষায় বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা, ছোট ছোট কৌশল ও নানা পরামর্শ এখানে মেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদ পরিচালনা করেন ‘প্রো উইথ স্বাধীন’ চ্যানেলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত তথ্যভিত্তিক ভিডিও, ইংরেজি টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় গাইডলাইন এখানে দেওয়া হয়। দুই হাজারের বেশি ভিডিওতে ভর্তির নানা বিষয় ও প্রশ্ন আলোচনা করা হয়েছে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘নির্ভর’ চ্যানেলটি বিশেষভাবে উপযোগী। অনলাইন ক্লাসের পাশাপাশি ভর্তির পরামর্শ ও দিকনির্দেশনাও মেলে এখানে। সাবস্ক্রাইবার ৯৬ হাজারের বেশি এবং ভিডিও প্রায় এক হাজার। ভর্তি পরীক্ষার বিষয়গুলো সৃজনশীলভাবে উপস্থাপন করা হয় এই চ্যানেলে।
শিক্ষার নানা বিষয় ও কোর্স-সম্পর্কিত দিকনির্দেশনার জন্য ‘এডেড গ্রুপ’ চ্যানেলটি পরিচিত। সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখ ২১ হাজারের বেশি এবং ভিডিও আছে প্রায় দুই হাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ থেকে শুরু করে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সম্পর্কিত পরামর্শ এখানে পাওয়া যায়।
বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী রাকিবুল হাসানের ‘রাকিব’স ক্লাসরুম-এইচএসসি’ চ্যানেলে এইচএসসি ও ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ক্লাস পাওয়া যায়। ভিডিও সংখ্যা ৩৩০টি এবং সাবস্ক্রাইবার প্রায় ছয় লাখ।
বাংলাদেশের গাইডলাইনভিত্তিক এড-টেক ইকোসিস্টেম হিসেবে পরিচিত ‘হাল্কস্টাইন এইচএসসি’ চ্যানেলে দশ হাজারের বেশি ভিডিও আপলোড হয়েছে। সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখের বেশি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নসহ নানা বিষয়ে আলোচনা হয় এখানে।
‘রিফাত একাডেমি’ প্ল্যাটফর্মে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি প্রস্তুতির বিষয় উপস্থাপন করা হয়। বিশ লাখের বেশি সাবস্ক্রাইবার এই চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তথ্য নিয়মিত মেলে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘এসিএস আইবিএ অ্যাডমিশন’ নামের ইউটিউব চ্যানেল। প্রয়োজনীয় ক্লাস ও কোর্স-সম্পর্কিত তথ্য ভিডিও আকারে তুলে ধরা হয়। সাবস্ক্রাইবার ২২ হাজারের বেশি এবং আপলোডকৃত ভিডিও প্রায় ২৬০টি। আইবিএতে পড়ুয়া শিক্ষার্থীরা এখানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।
এই সব প্ল্যাটফর্ম ও চ্যানেল মিলিয়ে ঘরে বসেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি বিস্তৃত পরিসর গড়ে তুলেছে, যা শিক্ষার্থীদের জন্য কোচিং নির্ভরতা কমানোর বিকল্প হিসেবে কাজ করছে।




