দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ প্রথমবারের মতো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বিশেষ রিয়েলিটি শো-এর আয়োজন করেছে। ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’ শিরোনামের এই প্রতিযোগিতায় মোট ১০টি বিভাগে ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্যায়ে এই বিজয়ীদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা। পুরো প্রতিযোগিতার জন্য নির্ধারিত পুরস্কারের মোট অংক ২৫ লাখ টাকা।

আগ্রহী কনটেন্ট ক্রিয়েটররা দেশ বা বিদেশ যেখান থেকেই আবেদন করুন না কেন, এটিএন নিউজের নির্দিষ্ট ওয়েবসাইট (https://bestcontentcreator.atnnewstv.com) এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। প্রতিযোগীরা চারটি ভিন্ন ধাপ পার করার পর গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাতে পারবেন।

এই আয়োজনে বিভিন্ন বিভাগের জন্য অভিজ্ঞ মেন্টর নিয়োগ করা হয়েছে। লাইফস্টাইল ও ফ্যাশনে দায়িত্ব পালন করছেন সানজিদা ইসলাম সায়মা, কমেডি ও বিনোদনে শাওন মজুমদার এবং খাবার ও রান্নার মেন্টর হিসেবে থাকছেন আনিসুর রহমান। এছাড়া সামাজিক সচেতনতা বিভাগে মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক মহসিনুল হাকীম ও আযাদ করীম। শিক্ষা বিভাগে থাকছেন সাফিন এবং প্রযুক্তি ও অটোমোবাইল বিভাগে সোহাগ ৩৬০ ডিগ্রি। ভ্রমণ বিভাগের মেন্টর হিসেবে থাকছেন সুরভী ইয়াসমিন ও শিশির দেব, আর চলচ্চিত্র ও অ্যানিমেশন বিভাগে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্রবিশ্লেষক বিধান রিবেরু।

রান্না, ভ্রমণ, প্রযুক্তি, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং চলচ্চিত্র ও অ্যানিমেশনের মতো নানা বৈচিত্র্যময় বিষয়ে কনটেন্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। ছোট ভিডিও বা দীর্ঘ ব্যাখ্যাধর্মী ভিডিও—যেকোনো মাধ্যমেই নির্মাতা তাদের সৃজনশীলতা দেখাতে পারবেন। বিষয় নির্বাচন থেকে শুরু করে চিত্রনাট্য লেখা, ভিডিও শ্যুটিং এবং এডিটিংয়ের মতো যাবতীয় কাজ যারা নিজস্ব দক্ষতায় করেন, তাদের কাজের বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হবে এই প্রতিযোগিতায়।

পুরো আয়োজনটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্টেপ। এছাড়া ট্রাভেল ও ডেস্টিনেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ছুটি, কমেডি ও এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে গোল্ডমার্ক এবং হেলথ পার্টনার হিসেবে আলোক হেলথকেয়ার। পাশাপাশি টেক ও গ্যাজেট পার্টনার গ্যাজেট অ্যান্ড গিয়ার, এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এবং বিমা পার্টনার হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স এই আয়োজনের সাথে যুক্ত রয়েছে।