কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নিজস্ব গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়ির সামনেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, ঋতুপর্ণার বাড়ির সামনেই তার গাড়িটি পার্ক করা ছিল। সেই সময় একটি ম্যাটাডোর দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয় এবং বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় ঋতুপর্ণা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তিনি জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তিনি এবং তার বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে তিনি দেখতে পান, তার পার্ক করা গাড়িটির পিছনের বাম দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তার গাড়ি নয়, পাশে থাকা এক বন্ধুর গাড়িও এই ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যদি ওই মুহূর্তে গাড়ির ভেতর কোনো মানুষ থাকতো, তবে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ম্যাটাডোর চালককে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তির কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তিনি ওই গাড়ির অনুমোদিত চালকও নন; পেশায় তিনি একজন ক্যাটারিং সার্ভিসের কর্মী। অনুমতি ছাড়াই গাড়িটি চালানোর কথা স্বীকার করেছেন ওই চালক। এই দায়িত্বহীন আচরণের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা তার তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।




