লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের মাঠে নিজের মতো করে খেলছেন, আর সেটাই তার জন্য সবচেয়ে ভালো — এমন মতামতই দিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে। সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি, আর সেই প্রেক্ষাপটেই সাবেক সতীর্থের জন্য শুভকামনা জানিয়েছেন রিকেলমে। তাঁর মতে, মেসির উচিত আর্জেন্টিনায় ফিরে না এসে যুক্তরাষ্ট্রেই থাকা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিকেলমে বলেছেন, আর্জেন্টাইন জনগণের উচিত এখন মেসিকে আরও বেশি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো। তিনি বলেন, 'মেসি যা করেছে, এরপর তার কাছে আর কী চাওয়া যায়? সে নিজের স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। মেসি সর্বকালের সেরা কি না জানি না, তবে সেরাদের একজন। কোনো ফুটবলার এত বছর ধরে এত উচ্চ মান ধরে রাখতে পারেনি। এটা সত্যিই অবিশ্বাস্য।'

রিকেলমে মেসির সংগ্রামের দিনগুলোর কথাও মনে করিয়ে দিয়েছেন। জাতীয় দলের হয়ে শুরুতে সাফল্য না পেলেও মেসি কখনো থেমে থাকেননি, এই লড়াইয়ের গল্পও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেন, 'আর্জেন্টাইনরা মেসিকে যে ভালোবাসা দিচ্ছে, সেটা তার প্রাপ্য। কারণ, মেসি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছে। প্রথম দিকে জিততে পারেনি, অনেক সংগ্রাম করেছে। শেষ পর্যন্ত সবকিছু অর্জন করেছে। ঈশ্বর মেসির প্রতি ন্যায়বিচার করেছে, এটা দারুণ ব্যাপার। এখন আমাদের উচিত তাকে ভালোবাসা। আর্জেন্টিনার ফুটবল এবং পুরো ফুটবলের জন্য যা করেছে, তার জন্য ধন্যবাদ জানানো উচিত। পুরো বিশ্ব তাকে ভালোবাসে এবং সে সেই ভালোবাসার যোগ্য।'

মেসির সঙ্গে রিকেলমের সম্পর্ক বেশ পুরোনো। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে সোনার পদক জিতেছেন তাঁরা। সেই বন্ধন এখনো অটুট — ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন মেসি। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মেসির আগে পরেছিলেন রিকেলমে। বর্তমানে বোকা জুনিয়র্সের সভাপতির দায়িত্ব পালন করছেন এই সাবেক তারকা।

সম্পর্কের বিষয়ে রিকেলমে বলেন, 'আমি সব সময় মেসির সঙ্গে কথা বলি। আমাদের সম্পর্ক দারুণ। মেসি আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। আমি তার সঙ্গে আরও অনেক বেশি খেলতে চেয়েছিলাম। তবে যতটুকু খেলতে পেরেছি, এটাই আমার জন্য সৌভাগ্যের। আমাদের মধ্যে যে ভালোবাসা ও পারস্পরিক সম্মান আছে, সেটাই সবচেয়ে বড়।'

মেসির মতো খেলোয়াড় আর কোনোদিন আসবে কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তবে আর্জেন্টাইনরা এমন প্রতিভা পেয়েছে বলে নিজেদের ভাগ্যবান মনে করেন তিনি। তাঁর ভাষায়, 'আমরা আর কখনো মেসির মতো খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা চলে যাওয়ার পর ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। এরপর এমন একজন এলেন, যিনি তাঁর মতোই ভালো, কিংবা আরও ভালো। আমরা আর্জেন্টাইনরা সত্যিই ভাগ্যবান।'

মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। আগে জানা গিয়েছিল, ক্যারিয়ারের শেষ সময়ে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফিরতে চান তিনি। তবে রিকেলমে মনে করেন, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ফেরার চেয়ে যুক্তরাষ্ট্রে থাকাই মেসির জন্য ভালো। তিনি বলেন, 'এখন মেসিকে যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। আমরা আর্জেন্টাইনরা তাকে সব সময় ভালোবাসা ও স্নেহ দেব। আমাদের উচিত মেসিকে একা ছেড়ে দেওয়া। যত দিন সে খেলতে চায়, খেলতে দেওয়া উচিত। তার জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা সবাই তাকে সমর্থন করে যাব।'