২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যুর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ঘটনার রহস্য এবং আইনি লড়াই এখনো শেষ হয়নি। বুধবার, ১৮ নভেম্বর তাঁর জন্মদিনে আসামের বিভিন্ন প্রান্তে শোকাতুর ভক্তরা শ্রদ্ধা নিবেদন করছেন। গুয়াহাটির কাহিলিপাড়া এবং সোনাপুরের স্মৃতিস্থলে ভক্তদের ভিড় জমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্ত্রী গরিমা শইকীয়া গর্গ আবেগঘন বার্তায় স্বামীকে স্মরণ করেছেন।

জুবিন গর্গের মৃত্যু নিয়ে সিঙ্গাপুর এবং ভারতের তদন্ত প্রতিবেদনে সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এসেছে। সিঙ্গাপুরের পুলিশের তদন্ত ও স্টেট করোনার অ্যাডাম নাখোদার পর্যবেক্ষণ অনুযায়ী, এটি একটি দুর্ঘটনা। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে লাজারাস দ্বীপের কাছে এক ইয়ট ভ্রমণে তিনি সমুদ্রে সাঁতার কাটতে নামেন। প্রথমবার লাইফ জ্যাকেট পরলেও দ্বিতীয়বার তিনি তা পরতে অস্বীকার করেন। ময়নাতদন্তে রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়, যা শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। এছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ও মৃগীরোগের ইতিহাস ছিল। সিঙ্গাপুরের আদালত স্পষ্ট জানিয়েছে, তাঁকে কেউ জোর করে পানিতে নামায়নি বা ধাক্কা দেয়নি এবং উদ্ধারে কোনো অস্বাভাবিক বিলম্ব হয়নি। গত ১ এপ্রিল সিঙ্গাপুর পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়, এখানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

তবে ভারতের আসাম সরকারের বিশেষ তদন্তকারী দল (এসআইТ) ভিন্ন মত পোষণ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে তারা সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে উৎসব আয়োজক শ্যামকানু মহন্ত, ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আত্মীয় সন্দীপন গর্গ ও দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এই মামলার বিচার বর্তমানে আসামের বিশেষ দ্রুত বিচার আদালতে চলছে। গত ৮ জুন থেকে বিচার শুরু হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মোট ৩৯৪ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ প্রায় ২৩০-২৪০ জনের সাক্ষ্য গ্রহণের পরিকল্পনা করেছে।

আইনি লড়াই এখন ভারতের সর্বোচ্চ আদালতে পৌঁছেছে। ৬ নভেম্বর সুপ্রিম কোর্টে জামিন সংক্রান্ত চারটি আবেদনের শুনানি হয়, যার পরবর্তী তারিখ ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে। এর আগে গৌহাটি হাইকোর্ট সিঙ্গাপুরের আদালতের প্রতিবেদন ভারতীয় মামলার নথিতে যুক্ত করার আবেদন নাকচ করে দিয়েছিলেন।

সংগীতজীবনে জুবিন গর্গ ছিলেন এক বৈচিত্র্যময় ব্যক্তিত্ব। মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া এই শিল্পী অসমিয়া, হিন্দি ও বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। ২০০৬ সালে 'গ্যাংস্টার' সিনেমার 'ইয়া আলী' গানটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এছাড়া বাংলা সিনেমার 'চিরদিনই তুমি যে আমার' ছবির 'পিয়া রে' গানটি শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়। এই গানটির সঙ্গে জড়িয়ে থাকা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুও ২০২৬ সালের মার্চে ঘটে, যা সংগীত ও অভিনয় জগতের এক মর্মান্তিক সংযোগ হিসেবে দেখা হয়।

জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন। ২০১৯ সালে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং জাতপাত-ধর্মের ঊর্ধ্বে মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক তাঁকে অনন্য করে তুলেছিল। জীবনের শেষ দিকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি মারা গেলে আসাম সাত দিন থমকে যাবে। তাঁর মৃত্যুর পর লাখো মানুষের স্বতঃস্ফূর্ত শোক এবং জন্মদিনে হাজারো কণ্ঠে তাঁর প্রিয় গান 'মায়াবিনী' গাওয়ার আয়োজন প্রমাণ করে, তিনি তাঁর জন্মভূমির মানুষের হৃদয়ে কতটা গভীরে মিশে আছেন। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি মাঠে ১০ হাজার মানুষের সম্মিলিত কণ্ঠে গান গাওয়ার পরিকল্পনা করেছেন তাঁর অনুরাগী ও সহশিল্পী পাপন, জিৎ গঙ্গোপাধ্যায় ও কুণাল গাঞ্জাওয়ালা।