বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ 'স্কুইড গেম'-এর মাধ্যমে তারকা হয়ে ওঠা দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী জং হো-ইয়ন এখন জেমস বন্ড সিরিজের সম্ভাব্য নায়িকাদের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফ্যাশন সাময়িকী 'ভোগ' সম্প্রতি ৪৫ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে জং হো-ইয়ন পঞ্চম অবস্থানে রয়েছেন। রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করার পর থেকেই তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এই কৌতূহলকে আরও উসকে দিয়েছে ভোগের এই তালিকা।
সাময়িকীটি জং হো-ইয়োনের অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেছে। বিশেষ করে 'স্কুইড গেম' এবং পরিচালক না হং-জিনের 'হোপ' ছবিতে তাঁর পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়েছে। ভোগের পর্যবেক্ষণ অনুযায়ী, নতুন বন্ড ছবির কাহিনী যদি এশীয় প্রেক্ষাপটে গড়ে তোলা হয়, তবে জং হো-ইয়ন এই চরিত্রের জন্য এক অনন্য পছন্দ হতে পারেন। তবে মনে রাখা প্রয়োজন, এটি কেবল ভোগের একটি সম্ভাব্য তালিকা মাত্র। ছবিটির মূল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস জং হো-ইয়নকে নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
২০২১ সালে 'স্কুইড গেম'-এর প্রথম মৌসুমে উত্তর কোরিয়া থেকে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। এরপর হলিউড নির্মাতা আলফনসো কুয়ারনের 'ডিসক্লেইমার' সিরিজে তাঁকে দেখা যায়। চলতি বছরই না হং-জিনের পরিচালিত 'হোপ' চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় তাঁর যাত্রা শুরু করেন, যা ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। ভোগের এই তালিকায় জং হো-ইয়ন ছাড়াও জেনডায়া, ফ্লোরেন্স পিউ এবং মার্গারেট কোয়ালিয়ের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম রয়েছে।
জেমস বন্ডের ইতিহাসে আগে এশীয় অভিনেত্রীদের দেখা গেলেও কোরীয় কোনো অভিনেত্রী এখন পর্যন্ত বন্ড-গার্ল হিসেবে সুযোগ পাননি। ১৯৯৭ সালের 'টুমরো নেভার ডাইস' ছবিতে মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো অভিনয় করেছিলেন। জং হো-ইয়ন এই সুযোগ পেলে তিনি হবেন প্রথম কোরীয় অভিনেত্রী যিনি এই বিশেষ চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিটিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন 'ডিউন' সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখবেন 'পিকি ব্লাইন্ডার্স'-এর স্রষ্টা স্টিভেন নাইট।
অভিনয়ে আসার আগে মডেল হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৪ সালের ২৩ জুন সিউলে জন্ম নেওয়া জং হো-ইয়ন। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করে ২০১৩ সালে 'কোরিয়াস নেক্সট টপ মডেল'-এর চতুর্থ আসরে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এরপর লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি এবং মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। অভিনয়ের হাতেখড়ি হয় ২০২১ সালে 'স্কুইড গেম'-এ, যার জন্য ২০২২ সালে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারের টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পান। এই সাফল্যের পর তাঁর জন্য হলিউডে কাজের দুয়ার খুলে যায়।




