দেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আগামী ডিসেম্বর পর্যন্ত জরুরি ভিত্তিতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা এই সংস্থাটি জ্বালানি পণ্য আমদানি, পরিশোধন ও বিপণনের দায়িত্ব পালন করে। মূলত আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সংস্থাটি বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে।
বিপিসির দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তাদের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ১ টাকা। গড়ে প্রতি মাসে সংস্থাটিকে ৩ হাজার ৪৫৯ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এই ঘাটতি মেটাতে গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হলেও বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অর্থের প্রয়োজন। বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন ভর্তুকির আবেদন জানানো হয়েছে, যার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় তারা রয়েছেন। পাশাপাশি বাস্তবতার নিরিখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি প্রস্তাবও রাখা হয়েছে, তবে লক্ষ্য রাখা হয়েছে যেন সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে।
সংস্থার আর্থিক খতিয়ানে দেখা গেছে, দেশে ব্যবহৃত জ্বালানির মধ্যে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি (৬৫.৩০ শতাংশ)। ২০২৪-২৫ অর্থবছরে ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি আমদানিতে খরচ হয়েছিল ৪৯ হাজার ২৬১ কোটি টাকা, যা পরবর্তী অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন আমদানিতে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯২১ কোটি টাকায়। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ডিজেলের দাম প্রতি ব্যারেল ৮৬ ডলার থেকে সর্বোচ্চ ২৮৪ ডলারে উঠেছিল, যা অক্টোবরে ১৫৪ ডলারে নেমে এলেও তা আগের চেয়ে অনেক বেশি। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ৪৫ পয়সা করে বাড়ছে। বর্তমান হিসেবে প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ হয় ১৭৯ টাকা ৩৯ পয়সা, কিন্তু বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। অর্থাৎ লিটার প্রতি লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা, যার বার্ষিক প্রভাব ২২ হাজার ১০০ কোটি টাকা। তবে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে বর্তমানে কোনো লোকসান নেই বলে জানিয়েছে সংস্থাটি।
মূলধনের তীব্র সংকটে বিপিসি তাদের অন্যান্য প্রকল্পের হিসাব, যেমন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট-২ থেকে ২১ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। বর্তমানে তাদের হাতে চলতি মূলধন রয়েছে মাত্র ৬ হাজার ১২৯ কোটি টাকা, যেখানে দুই মাসের আমদানি খরচের জন্য প্রয়োজন ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা। এছাড়া ৩২টি এলসির বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি রয়েছে। চেয়ারম্যান রফিকুল ইসলাম উল্লেখ করেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের প্রায় ১ হাজার ৮৮৮ কোটি টাকা আটকে আছে, যা উদ্ধারে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
আর্থিক চাপ কমাতে বিপিসি শুল্ক-কর ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আগে ট্যারিফ ভ্যালুর ভিত্তিতে কর নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে ইনভয়েস বা প্রকৃত আমদানি মূল্যের ভিত্তিতে কর নেওয়া হচ্ছে। ফলে তেলের দাম বাড়লে করের পরিমাণও বেড়ে যাচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেলে ৩৫ টাকা কর দিতে হয়, যা আগে ছিল ১৬ টাকা ৭৬ পয়সা। এই কর পুরোপুরি প্রত্যাহার অথবা আগের ট্যারিফ ভ্যালু পদ্ধতিতে ফেরার আবেদন জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।




