জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচনে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি পদে আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বিজয়ী হন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন সরকার।
নির্বাচনী এ আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, সম্প্রতি আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ছাত্রশক্তি এনসিপির ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। এই প্রথম কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক নেতৃত্ব নির্বাচিত হলো।




