বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজ এবং 'বিসিজিএস জয় বাংলা' নামের আরও একটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার পাঠানো একটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, 'বিসিজিএস তাজউদ্দীন' জাহাজের নতুন নাম করা হয়েছে 'বিসিজিএস নুরুল ইসলাম'। একইভাবে 'বিসিজিএস সৈয়দ নজরুল'-এর পরিবর্তে এখন থেকে 'বিসিজিএস ফিরোজ কবীর' নাম ব্যবহৃত হবে। 'বিসিজিএস মনসুর আলী' জাহাজের নতুন নাম রাখা হয়েছে 'বিসিজিএস এম হুমায়ুন কবীর' এবং 'বিসিজিএস কামরুজ্জামান' জাহাজের নাম পরিবর্তন করে 'বিসিজিএস আশরাফ সিদ্দিকী' করা হয়েছে। এছাড়া 'বিসিজিএস জয় বাংলা' জাহাজের নতুন নামকরণ করা হয়েছে 'বিসিজিএস অদম্য বাংলা' হিসেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, প্রথমে মন্ত্রণালয় থেকে কোস্ট গার্ডকে এই নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়। এরপর কোস্ট গার্ড যথাযথ নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর গতকাল তা চূড়ান্তভাবে অবহিত করা হয়। কোস্ট গার্ডের সূত্রমতে, যেসব ব্যক্তির নামে এই জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তাঁরা সকলেই বাংলাদেশ নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ছিলেন। দেশি ও বিদেশি বিভিন্ন অভিযানে অংশ নিতে গিয়ে তাঁরা শহীদ হন। সেই আত্মত্যাগের সম্মানেই এই নামকরণ করা হয়েছে।