আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১ এর লিখিত পরীক্ষা। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্প্রতি এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সময় থাকবে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস ভবন।
এবারের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি ভিন্ন ভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সাধারণ বিষয় রয়েছে ২৭টি এবং বিশেষায়িত বিষয় রয়েছে ৩৮টি। তারিখ অনুযায়ী বিষয়গুলোর বিন্যাস করা হয়েছে। প্রথম দিন, ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্যাথলজি, মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, ফ্যামিলি মেডিসিন, কমিউনিটি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, মেডিসিন অ্যান্ড অ্যালাইড এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরীক্ষা।
দ্বিতীয় দিন অর্থাৎ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড, ট্রান্সফিউশন মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি এবং অ্যানাসথেসিওলজির পরীক্ষা।
সবশেষে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং ডেন্টাল সার্জারির পরীক্ষা। ডেন্টাল সার্জারির আওতায় কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স এবং প্রস্থোডনটিক্স বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে।




