জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসার অপর একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় তার দুই শিশুসন্তানকে। রোববার দুপুর ১২টার দিকে ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার সরকারদী গ্রামে। তার স্বামী মো. শাওন এক বছর আগে মারা যান। তাদের দুই সন্তান—এক মেয়ে (৭) ও এক ছেলে (৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্তানদের নিয়ে ইসরাত জাহান প্রায় এক মাস ধরে ওই বাসায় থাকছিলেন।

ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন মো. কাউসার আহাম্মেদ নামের এক যুবক। বাড়ির মালিকের কাছে নিজেকে ইসরাতের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। ব্যবসার কাজে থাকার কথাও মালিককে জানিয়েছিলেন। তবে কাউসারের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফ্ল্যাটের একটি জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু। ব্যাপারটি দেখে তাদের সন্দেহ হয়। ফ্ল্যাটের সামনে গিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘরে ঢুকেই একটি কক্ষের বিছানায় পড়ে থাকতে দেখা যায় ইসরাত জাহানের মরদেহ। পাশের ঘরে আটকে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভবনের নিচে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন বলে তিনি জানান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।