বলিউডের আলোচিত জুটি আদিত্য সিল ও আনুশকা রঞ্জনের সংসারে এসেছে নতুন অতিথি। একসঙ্গে দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আনুশকা। শুক্রবার (২৩ আগস্ট) পৃথিবীতে এসেছে তাঁদের কন্যারা। সদ্য জন্ম নেওয়া দুই মেয়ের নাম রাখা হয়েছে ভীরা রঞ্জন সিল ও মাহি রঞ্জন সিল।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন আদিত্য। পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সূচনা হলো নতুন এক অধ্যায়ের। এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কন্যারা আমাদের জীবনকে আলোকিত করতে এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে আমাদের হৃদয়। ভীরা, মাহি, টিম গার্ল।’ পোস্টের সঙ্গে দুই নবজাতকের নাম সংবলিত একটি শুভেচ্ছা কার্ডও শেয়ার করেছেন তিনি, যেখানে আদিত্য ও আনুশকার নাম লেখা রয়েছে।

চলতি বছরের মে মাসে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। বিয়ের চার বছর পর তাঁরা প্রথম সন্তানের প্রত্যাশা করছিলেন। তখন ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন তাঁরা।

২০১৭ সালের ২৬ জুন মুম্বাইয়ে আনুশকার এনজিও ‘বেটি’র একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ হয় আদিত্য ও আনুশকার। সেখান থেকেই দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। কয়েক বছর সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাঁদের সংসারে এলো দুটি কন্যাসন্তান।