ইউএস ওপেনের ট্রফিসহ নিউইয়র্ক থেকে ফিরছেন ইয়েলেনা রিবাকিনা। বিশ্বের দ্বিতীয় র‌্যাংকিং নিয়ে টুর্নামেন্টে এসেছিলেন, তবে এবার বিদায় নিচ্ছেন শীর্ষস্থান দখল করে। শনিবার রাতে ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত ফাইনালে গত দুই আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। ফলে এক রাতেই সাবালেঙ্কার কাছ থেকে কেড়ে নিলেন বিশ্ব র‌্যাংকিংয়ের মুকুট এবং গ্র্যান্ড স্লামের ট্রফি—দুটোই।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল রিবাকিনার। প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। তবে তৃতীয় সেটে ২-১ ব্যবধানে ব্রেক পেয়ে যাওয়ার পর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বেলারুশিয়ান তারকা। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দাপট ধরে রাখেন রিবাকিনা এবং ম্যাচ শেষ করেন নিজের পক্ষে।

এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা, যা তিনি এ বছরের মধ্যেই দ্বিতীয়বার জিতলেন। মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। এখন ক্যারিয়ারের গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে তাঁর বাকি শুধু ফ্রেঞ্চ ওপেন।

নিউইয়র্কে এবার সাবালেঙ্কার ১৯ ম্যাচের অপরাজিত ধারার অবসান ঘটল। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ইউএস ওপেনে আর কখনো হারেননি তিনি। সেই সঙ্গে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তৃতীয়বার এই টুর্নামেন্ট জেতার সুযোগও হাতছাড়া হলো তাঁর।

তবে রিবাকিনার জন্য এবারের ইউএস ওপেন মোটেও সহজ ছিল না। টুর্নামেন্ট শুরুর আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে কয়েক দিন হাঁটতেই পারেননি তিনি। ফলে নিউইয়র্কে খেলতে পারবেন কি না, তা নিয়েই ছিল শঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ায় নিজেই যেন অবিশ্বাস্য মনে হচ্ছে তাঁর কাছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘কী ঘটেছে, এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। গত কয়েক সপ্তাহে অনেক কিছু অর্জন করেছি।’

অন্যদিকে রানার্সআপ হওয়ার হতাশা লুকাতে পারেননি চারবারের গ্র্যান্ড স্লামজয়ী সাবালেঙ্কা। চোখে জল নিয়ে তিনি বলেন, ‘আমি একটু ভালো খেলতে পারলে ভালো লাগত। তবে মনে হয়, আগামী বছর।’