তুরস্কের ইস্তাম্বুলে গত ৮৪ বছরের মধ্যে সবচেয়ে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরের গভর্নর দাউত গুল। বিবিসির তুর্কি ভাষার প্রতিবেদনের তথ্যানুসারে, এই দুর্যোগে এক ১৪ বছর বয়সী কিশোর রাস্তার জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। এছাড়া রাস্তা পার হতে গিয়ে পিছলে পড়ে ফুটপাতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। কিশোরটির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নগর কর্তৃপক্ষ।
শহরের ডেপুটি মেয়র নুরি আসলান জানান, বন্যায় আটকা পড়া ৫৯৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার মোকাবিলায় প্রায় ৮ হাজার কর্মী মাঠে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নাগরিকদের বিশেষ করে রাতের বেলা ভারী বৃষ্টি ও ঝড় সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এই বিশেষ পরিস্থিতিতে শহরের মেট্রো রেলের সময় বাড়িয়ে রাত ২টা পর্যন্ত করা হয়েছে।
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের কিছু এলাকায় বার্ষিক গড় বৃষ্টিপাতের এক সপ্তম পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র অল্প সময়ে। বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনায় বৃহস্পতিবার এবং শুক্রবার স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর দাউত গুল সাধারণ মানুষকে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বাইরে না বের হতে অনুরোধ করেছেন।
প্রবল বৃষ্টি ও বন্যায় বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে; প্রায় ৪৬টি বিমান ইস্তাম্বুলের বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। শহরের সারিয়ার জেলার একটি শপিং সেন্টারের কার পার্ক সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে এবং অনেক গাড়ি সেখানে আটকা পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিভিন্ন এলাকায় রাস্তার অংশ ধসে পড়েছে এবং একটি নদী উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।
মেট্রোপলিটন এলাকার ১৬ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা এই দুর্যোগে বিপর্যস্ত। পরিস্থিতি বিবেচনায় সরকারি খাতের বিশেষ কিছু নিয়ম চালু করা হয়েছে। স্বাস্থ্য, নিরাপত্তা এবং পানি নিষ্কাশন খাতের বাইরে কর্মরত প্রতিবন্ধী, গর্ভবতী নারী এবং প্রাক্তন সৈনিকদের বৃহস্পতিবার প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছে। এছাড়া আট বছরের কম বয়সী সন্তানের মায়েরা যারা সরকারি চাকরিতে নিয়োজিত, তাদেরও ছুটি মঞ্জুর করা হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয় তুরস্কের আরও বেশ কিছু প্রদেশে আকস্মিক বন্যার আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে।




