উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় দলের অংশগ্রহণ বন্ধ করতে একটি খোলা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন আয়ারল্যান্ডের ১৬০ জনেরও বেশি অ্যাথলেট। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের ব্যাপক প্রাণহানির প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ। আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে এবং ৪ অক্টোবর বসনিয়ায় ইসরায়েলের সাথে আয়ারল্যান্ডের দুটি ম্যাচ নির্ধারিত রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

'আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন গ্রুপ'-এর মাধ্যমে সোমবার এই দাবি জানানো হয়। সইকারী অ্যাথলেটদের তালিকায় রয়েছেন অলিম্পিয়ান কিয়ারা ম্যাগিয়েন, সাবেক ফুটবলার লুইস কিন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার ট্রায়ন ম্যাককেনা ও এরিক ডোনেভানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। চিঠিতে বলা হয়েছে, বর্তমান সময়ে সঠিক কাজটি করার সুযোগ এসেছে এবং ম্যাচগুলো বর্জন করাই হবে সবচেয়ে ক্রীড়াসুলভ কাজ। তাঁদের মতে, এই সাহসী পদক্ষেপ খেলাধুলার সেই শক্তিকে ফুটিয়ে তুলবে যা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং খেলার গণ্ডি ছাড়িয়ে এক গভীর সামাজিক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, গত মে মাসে আয়ারল্যান্ডের শীর্ষ ফুটবলাররাও ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ বর্জনের একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড অন্যতম সোচ্চার দেশ। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যদের একটি বড় অংশ ২০২৫ সালের শেষ নাগাদ ইসরায়েলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য উয়েফাকে অনুরোধ করার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে, তারা নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো খেলবে। মূলত জাতীয় দল এবং অ্যাসোসিয়েশনের ওপর কোনো ধরনের সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসন গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানান, তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। তাঁর কথায়, দলের কোনো খেলোয়াড়ই ইসরায়েলের বিপক্ষে এই ম্যাচগুলো খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।