ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলল এডিনবরা ক্যাসল রকার্স। ডাবলিনের মাঠে রোববারের ফাইনালে মিচেল স্যান্টনারের দল বেলফাস্ট উলভসকে ৮ উইকেটে হারিয়ে দেয়। প্রাথমিক পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই শেষ হাসি হাসল।
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে উলভস। শুরুতেই পল স্টার্লিংকে হারিয়ে তারা চাপে পড়ে যায়। তবে টিম টেক্টর ও ডেভন কনওয়ের দ্বিতীয় উইকেট জুটি ৫১ বলে ৬৩ রান যোগ করে দলকে এগিয়ে নেয়। কনওয়ে ২৪ বলে ২৯ রান করে ফিরলে দায়িত্ব নেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও লর্কান টাকার, কিন্তু দুজনেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত টেক্টর শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে দলকে দেড়শ রানের পুঁজি এনে দেন। ৯ চার ও দুই ছক্কায় ৬২ বলে ৮৪ রানের ইনিংসটি ছিল তার। উলভসের পক্ষে চমৎকার বোলিং করেন নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, যিনি চার ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।
রান তাড়ায় নেমে ক্যাসল রকার্সের শুরুটা ছিল ঝড়ের মতো। রস অ্যাডায়ার ওপেন করতে নেমে প্রথম বলেই চার ও পরের বলেই ছক্কা হাঁকান। তবে ছোট ভাই মার্ক অ্যাডায়ারের বলে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৪ বলে ২৩ রান করে ফেরার আগে রস দুটি চার ও দুটি ছক্কা মেরেছিলেন। তিন নম্বরে নেমে জেজে স্মিটস ২৩ বলে ১৫ রান করেন। এরপরই দৃশ্যপটে আসেন আন্দ্রিয়েস হাউস। যুক্তরাষ্ট্রের এই কিপার-ব্যাটসম্যান ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলকে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করেন তিনি। ৬১ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে ছিল আট চার ও চার ছক্কা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাউস।
রান তাড়ায় ক্যাসল রকার্স মাত্র আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। এই জয়ে ইটিপিএলের প্রথম চ্যাম্পিয়নের তকমা পেল স্যান্টনারের দল।




