যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালির আকাশে উড়ন্ত একটি 'এমকিউ-১' এবং একটি অত্যাধুনিক 'অরবিটার' নজরদারি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া ইসলামি রিভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-১ ড্রোন শনাক্ত করার পরপরই তা ধ্বংস করা হয়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের তৈরি একটি নতুন এবং উন্নত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সমন্বিত প্রচেষ্টায় এই ড্রোনটি ভূপাতিত করা সম্ভব হয়েছে। বিবৃতিতে ওই এমকিউ-১ ড্রোনটিকে অত্যন্ত উন্নত হিসেবে বর্ণনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, আফগানিস্তানে দীর্ঘ ২০ হাজার ঘণ্টা উড্ডয়নের কারণে এটি 'কান্দাহারের কসাই' নামে পরিচিত ছিল।

আইআরজিসি আরও দাবি করেছে যে, মার্কিন নৌ ও বিমানবাহিনী কয়েক বছর আগে তাদের বহর থেকে এমকিউ-১ ড্রোন সরিয়ে এমকিউ-৯ ড্রোন যুক্ত করেছিল। তবে বিপুল পরিমাণ এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়ে যাওয়ার ফলে মার্কিন বাহিনী পুনরায় পুরোনো এমকিউ-১ ড্রোনের ব্যবহার শুরু করতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা একটি উন্নত 'অরবিটার' নজরদারি ড্রোনকে লক্ষ্য করে আঘাত হানে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে হরমুজ প্রণালির আকাশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।