আগামী বছর হজে যাওয়ার জন্য যারা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের সুবিধার্থে দেশজুড়ে ৯০টি টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে। নির্ধারিত এই কেন্দ্রগুলোর মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, গাজীপুর, কিশোরগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা এবং কক্সবাজারের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

টিকাকেন্দ্রের বিস্তারিত তালিকা হজ পোর্টাল (www.hajj.gov.bd) এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd)-এ পাওয়া যাবে। এছাড়া যেকোনো প্রয়োজনে হজযাত্রীরা হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখটি সংশ্লিষ্ট হজযাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নিতে যাওয়ার সময় হজ পোর্টাল থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সাথে রাখা বাধ্যতামূলক।

অন্যদিকে, ২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে আগ্রহী ব্যক্তিরা এই কোটার জন্য আবেদন করতে পারছেন, যার শেষ সময় আগামী রোববার। উল্লেখ্য, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশিত গাইডলাইন অনুযায়ী ২০২৭ সালের নিবন্ধনের মূল সময়সীমা শেষ হয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। সেই সময়ে বাংলাদেশের জন্য অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। তবে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধের পর সৌদি সরকার আরও ৫ হাজার কোটা বাড়িয়ে দিয়েছে। বর্ধিত এই কোটা পূর্ণ হওয়ার সাথে সাথেই নিবন্ধন কার্যক্রম সমাপ্ত হবে।