বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন উত্তরণ পরবর্তী বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে ও আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বাড়াতে প্রায় ৩৫ লাখ ডলারের (সাড়ে তিন মিলিয়ন ডলার) একটি তহবিল ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিন বছর মেয়াদি এই উদ্যোগটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের অধীনে বাস্তবায়িত হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই প্রকল্পের খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে দ্রুত এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি ও বাণিজ্য খাতের সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

প্রকল্পের আর্থিক বরাদ্দের কথা উল্লেখ করে জানানো হয়, মোট তহবিলের মধ্যে প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করা হবে ছয়টি নির্দিষ্ট অগ্রাধিকার খাতে। ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকীকরণের বেশ কিছু প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি 'বাজার নজরদারি ব্যবস্থা' গড়ে তোলা, যা রিয়েল টাইমে আন্তর্জাতিক বাজারের পূর্বাভাস ও পর্যবেক্ষণ প্রদান করবে।

এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বাড়ানো, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বিশ্ববাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যকারিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্বন মার্কেট পলিসি প্রণয়ন, পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। দ্রুততম সময়ে এই খসড়া পরিকল্পনাটি চূড়ান্ত করে পূর্ণাঙ্গ প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।