কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে দৈনন্দিন কাজ সহজ হলেও এর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেওয়ার ঝুঁকি সম্প্রতি সামনে এলো। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউডের সঙ্গে এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অ্যানথ্রপিক কোম্পানির এআই চ্যাটবট 'ক্লড'-এর একটি ভুলের কারণে তাঁর এক বছরের সঞ্চিত লেকচার নোট এবং বর্তমান শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ফাইলগুলো সম্পূর্ণ মুছে যায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডেক্সার্তোর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অধ্যাপক বাউড। তিনি জানান, দুপুরের খাবারের বিরতিতে যাওয়ার আগে তিনি ক্লডকে নির্দেশ দিয়েছিলেন তাঁর পুরোনো সংবিধানবিষয়ক আইনের লেকচার নোটগুলোর পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে। তবে ফিরে এসে তিনি দেখেন, গুরুত্বপূর্ণ অনেক ফাইল গায়েব হয়ে গেছে। এর মধ্যে ছিল ২০২৩ সালের সংবিধান আইনের ক্লাস নোটের মূল ফোল্ডার এবং ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত সিলেবাস বা পাঠ্যসূচির ডক ফাইল।
অধ্যাপক বাউড তাঁর পোস্টের সাথে ক্লডের সাথে কথোপকথনের একটি স্ক্রিনশটও সংযুক্ত করেন। সেখানে দেখা যায়, চ্যাটবটটি নিজেই স্বীকার করেছে যে সে ভুলবশত ফাইলগুলো মুছে ফেলেছে। ক্লড বার্তায় জানায়, নথিগুলো যাচাই করার সময় একটি পৃষ্ঠাসংখ্যায় ভুল খুঁজে পেয়েছিল সে, কিন্তু কোনো পরিবর্তন করার আগেই ভুল করে মূল ফোল্ডার ও ফাইলগুলো ডিলিট হয়ে যায়। ক্লড আরও জানায় যে, ফাইলগুলো তখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং সে অধ্যাপক বাউডের কাছে জানতে চায় ড্রপবক্সের মাধ্যমে সেগুলো ফিরিয়ে আনা সম্ভব কি না। প্রয়োজনে নিজেই তা চেষ্টা করার প্রস্তাবও দেয় এআইটি।
অধ্যাপক বাউড স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তিনি ক্লডকে ফাইলগুলো নতুন করে সাজানোর বা গোছানোর কোনো নির্দেশ দেননি; তাঁর একমাত্র অনুরোধ ছিল পৃষ্ঠাসংখ্যার সংশোধন। যদিও শেষ পর্যন্ত ড্রপবক্স ব্যাকআপের সহায়তায় তিনি তাঁর সমস্ত হারানো ফাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন, তবুও এই ঘটনাটি কম্পিউটার ফাইল ব্যবস্থাপনায় এআই সহকারীদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত তা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। অন্যদের সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এই বিষয়টি প্রকাশ্যে আনেন বলে জানান। তবে ঘটনার সময় ক্লডের কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছিল এবং ঠিক কী যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটল, তা স্পষ্ট করা হয়নি।




