দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি এবং সাহিত্যের সাথে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেটলাইফ ফাউন্ডেশন এবং ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় 'নির্বাচিত রূপকথা' এবং 'কাজী নজরুল ইসলামের কবিতা' শিরোনামের দুটি ব্রেইল বই প্রকাশ করা হয়েছে। শনিবার মেটলাইফ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই বইগুলো দেশের বিভিন্ন স্কুল, পাঠাগার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশের প্রথিতযশা সাহিত্যিকদের লেখা মানসম্মত সাহিত্যকর্ম পড়ার সুযোগ পাবে।
প্রতিষ্ঠানগুলোর বিশ্বাস, ব্রেইল বইয়ের সহজলভ্যতা বৃদ্ধি পেলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা আরও স্বাধীনভাবে জ্ঞান অর্জন ও সাহিত্য চর্চা করতে পারবে। উল্লেখ্য যে, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন। পড়ার উপকরণ সহজ করতে প্রতিষ্ঠানটি নিজস্ব একটি ব্রেইল প্রিন্টিং প্রেসও পরিচালনা করছে।
বই প্রকাশের পাশাপাশি মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তাদের এমন সব প্রয়োজনীয় কারিগরি দক্ষতা প্রদান করা, যা ভবিষ্যতে তাদের জন্য কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।
এই উদ্যোগের বিষয়ে ডিসিএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান জানান, প্রতিটি শিশুরই শিক্ষা ও পাঠের আনন্দ পাওয়ার অধিকার রয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের সাথে এই সহযোগিতার ফলে ব্রেইল বইয়ের প্রাপ্তি বাড়বে এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা দেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সাথে আরও স্বতস্ফূর্তভাবে যুক্ত হতে পারবে।
অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে সবার সমান অধিকার থাকা প্রয়োজন। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সাথে এই অংশীদারিত্বের ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণরা প্রয়োজনীয় পাঠসামগ্রী ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবে। এটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




